৯.৮ সেকেন্ডে কিউব সমাধান রোবটের
৯.৮ সেকেন্ডে কিউব সমাধান রোবটের।
ads

নয়া দিগন্ত ডেস্ক
নিউজিল্যান্ডের চার প্রকৌশল শিক্ষার্থীর তৈরি একটি রোবট ৪দ্ধ৪দ্ধ৪ রুবিকস কিউব মাত্র ৯ দশমিক ৮০৬ সেকেন্ডে সমাধান করে বিশ্বরেকর্ড গড়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ সময়কে ৯ দশমিক ৮০ সেকেন্ড হিসাবে স্বীকৃতি দিয়েছে। গত ১৬ অক্টোবর ক্রাইস্টচার্চে এ রেকর্ড অর্জন করেন ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যালেব এভারিট, হেইডেন ওয়াটসন, মাজ ক্যামেরন ও জোহান টরেস।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা চতুর্থ বর্ষের মেকাট্রনিকস প্রকৌশলের শিক্ষার্থী। তাদের শেষ বর্ষের প্রকল্প থেকেই রোবটটি তৈরির পরিকল্পনা আসে। আগের রেকর্ডধারী রোবটটি একটি ৪দ্ধ৪ কিউব সমাধান করতে প্রায় ৪৫ সেকেন্ড সময় নিত। মানুষের রেকর্ড সময় ছিল প্রায় ১৫ সেকেন্ড। রোবটের এই সময় কমিয়ে মানুষের চেয়েও দ্রুত সমাধান করার লক্ষ্য নিয়েই কাজ শুরু করেন তারা।
রোবটটি তৈরি ও উন্নত করতে দলটির প্রায় এক বছর লেগেছে। এতে রয়েছে চারটি ক্যামেরা, যা কিউবের বিভিন্ন রঙ শনাক্ত করে। ক্যামেরা থেকে পাওয়া তথ্য একটি উন্মুক্ত সফটওয়্যার অ্যালগরিদমে পাঠানো হয়। অ্যালগরিদম কিউব সমাধানের জন্য প্রয়োজনীয় চাল নির্ধারণ করে। এরপর দ্রুতগতির মোটর কিউবের বিভিন্ন দিক ঘুরিয়ে সঠিক রঙের বিন্যাস তৈরি করে। দলটির সদস্যরা প্রকল্পের কাজ ভাগ করে নিয়েছিলেন। ক্যালেব এভারিট যন্ত্রের কাঠামো, জোহান টরেস বিদ্যুৎ ও মোটর নিয়ন্ত্রণ, হেইডেন ওয়াটসন ক্যামেরা-ভিত্তিক দৃষ্টিসংক্রান্ত ব্যবস্থা এবং মাজ ক্যামেরন সফটওয়্যার তৈরির দায়িত্বে ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়, আগের রোবটটি কিউবের সব দিক ঘোরাতে বারবার অবস্থান বদলাতে বাধ্য হতো। এতে বাড়তি সময় লাগত। নতুন রোবটের নকশায় তিনটি অক্ষ বরাবর কিউবের দিক ঘোরানোর সুযোগ থাকায় সেই সময় কমানো গেছে। দ্রুতগতিতে কিউব আটকে যাওয়া ঠেকানো এবং আলোভেদে কাছাকাছি রঙ শনাক্ত করাও ছিল নির্মাণের চ্যালেঞ্জ।
কিউব দ্রুত ঘোরাতে শিক্ষার্থীরা ড্রোনে ব্যবহৃত উচ্চগতির মোটর ও বিশেষ নিয়ন্ত্রক ব্যবহার করেন। কিউবকে নির্ভুলভাবে ধরে দ্রুত সরানোর জন্য সাকশন কাপও যুক্ত করা হয়। প্রকল্পটি সীমিত বাজেটে তৈরি করা হলেও, পরীক্ষার মাধ্যমে কাঠামো ও সফটওয়্যার বারবার উন্নত করেছেন তারা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় এ অর্জনটি ‘৪দ্ধ৪দ্ধ৪ পাজল কিউব সমাধানে দ্রুততম রোবট’ বিভাগে নথিভুক্ত হয়েছে।