জনমনে নেতিবাচক বার্তা অস্বস্তিতে বিএনপি
ads

মোহাম্মদ জাফর ইকবাল
দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখার প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমান মিজানকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিএনপির সহদফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিষ্কার করে সিলেট জেলা বিএনপি। এমন ঘটনা শুধু এই দুই জেলারই নয়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা এমন অসংখ্য সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। সংশ্লিষ্টরা বলছেন, যখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে, তখন দলের নেতাকর্মীদের এমন ভূমিকায় বিব্রত বিএনপির শীর্ষ মহল। অন্য দিকে দেশের জনগণ ও রাজনৈতিক প্রতিপক্ষের কাছে দলের ভাবমূর্তিও ক্ষুণœ হচ্ছে, যাচ্ছে নেতিবাচক বার্তাও। জানা গেছে, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি অটুট রাখতে নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়, সহযোগিতা কিংবা মামলা থেকে ছাড়িয়ে নিতে তদবির করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের স্থায়ী বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অভিযুক্ত নেতাকর্মীদের তালিকাও করা হচ্ছে। গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিএনপির একটি উচ্চপর্যায়ের টিমও পৃথকভাবে অভিযোগ যাচাই করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা দলীয় হাইকমান্ডকে জানানো হবে।
বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা জানিয়েছেন, ডিসেম্বরে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলায় সরকার কঠোর অবস্থানে থাকবে। এ পরিস্থিতিতে বিএনপির কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কিন্তু দলীয় নেতাকর্মীসহ অনেকের অভিযোগ, আওয়ামী লীগ আমলে হামলা ও নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিরা গ্রেফতার হওয়ার পর স্থানীয় বিএনপির কিছু নেতা তাদের ছাড়িয়ে নিতে তদবির করছেন। ব্যক্তিগত স্বার্থ, আর্থিক লেনদেন কিংবা আত্মীয়তার সূত্রে কেউ কেউ আওয়ামী লীগের পলাতক ও অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয়ও দিচ্ছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অনৈতিক কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই দল সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। বহিষ্কারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। স্থায়ী কমিটির সদস্য আরেক সদস্য নজরুল ইসলাম খান নয়া দিগন্তকে বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন অপরাধের সুরক্ষা না পান, সে জন্য কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের আশ্রয় দিলে দলের ভাবমূর্তি ক্ষুণœ হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি সূত্রে জানা যায়, শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, সহিংসতা ও বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় দেয়ার অভিযোগে ইতোমধ্যে সারা দেশে গত কয়েক মাসে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মন্ত্রী ও সংসদ সদস্য পদ ছাড়ার ঘটনাও ঘটেছে। দলটির নীতিনির্ধারকদের মতে, শুধু বহিষ্কার নয়, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হলে দলীয় পরিচয়ে অপরাধীদের সুরক্ষা দেয়ার প্রবণতা কমবে। একই সাথে রাজনৈতিক আশ্রয় ও তদবির বন্ধ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে।
জানা গেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া এবং তাদের পুনর্বাসনের সুযোগ দেয়ায় বিএনপির ভেতরে অস্বস্তি তৈরি ও অপরাধবোধ কাজ করছে। অভিযোগ রয়েছে, বিএনপিরই একশ্রেণীর নেতা ব্যক্তিগত ও আর্থিক স্বার্থে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও বিতর্কিত নেতাকর্মীদের ব্যবসা-বাণিজ্য ও সম্পদ পাহারা দিচ্ছেন। কেউ কেউ গ্রেফতার হলে থানা থেকে ছাড়িয়ে আনতেও তদবির করছেন। এমনকি অর্থের বিনিময়ে কিংবা স্থানীয় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগও উঠেছে। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে দলের রাজনীতি ছাড়ার ঘোষণাও দিয়েছেন কেউ কেউ।  বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে বিএনপিতে অস্বস্তি আরো বেড়েছে। 
এ দিকে গত অক্টোবরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে কাছে টানার অভিযোগ তুলেছিলেন। তার বক্তব্য ছিল, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন, কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। টাকার বিনিময়ে আমাদের বিএনপির কিছু লোক তাদের আশ্রয় দিচ্ছেন। ইনশা আল্লাহ, সবাইকে একযোগে প্রতিহত করা হবে। একই অনুষ্ঠানে তিনি আরও স্পষ্ট করে বলেন, আমরা শুনছি, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছেন। সাফ কথা- বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল। ফেসবুকে তার দল ছাড়ার ঘোষণা নিয়ে বেশ আলোচনা হয়েছে। তিনি লিখেছেন, সারা বাংলাদেশের মহানগর ও জেলা বিএনপির সিনিয়র নেতারা টাকার বিনিময়ে যেভাবে আওয়ামী লীগকে দলে ভিড়িয়েছেন, তাতে বিএনপির ওপর থেকে আস্তে আস্তে মন উঠে গেছে, যাচ্ছে। আজ থেকে বিএনপির সব রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ১৮ নভেম্বর দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের দুর্বলতা, প্রত্যক্ষ-পরোক্ষ মদদ এবং প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তিনি বলেন, দেশে সহিংস ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ করে দেয়া হচ্ছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নয়া দিগন্তকে বলেন, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে পুষে নিরাপদে রাখছে বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদ বর্তমানে বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে। সরকার বিরোধী দল কোথায় যাচ্ছে, কী করছে বা কী বলছে, তা জানতে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। অথচ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ও তাদের পরিকল্পনা সম্পর্কে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নয়া দিগন্তকে বলেন, অপরাধ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ছাড়িয়ে নিতে বিএনপির কেউ ফোন করলেও তাকে আশ্রয়দাতা হিসেবে গণ্য করা হচ্ছে।
দলটির শীর্ষ নেতারা মনে করছেন, বহু মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশে যে গণতান্ত্রিক পরিবেশ অর্জিত হয়েছে, সেখানে বিএনপির কোনো পর্যায়ের নেতার মাধ্যমে পতিত সরকারের দোসরদের সুরক্ষা দেয়া বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে সরাসরি বেঈমানীর শামিল। এতে সাধারণ মানুষের কাছে দল সম্পর্কে নেতিবাচক বার্তা যাচ্ছে এবং দলের দীর্ঘদিনের অর্জিত জনআস্থা ক্ষুণœ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে কেন্দ্র করে দেশে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতা মোকাবেলায় সরকার ও দল হিসেবে বিএনপিকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পরামর্শ তাদের।