জাপানে দ্রুত ঘুমের প্রতিযোগিতা
জাপানে দ্রুত ঘুমের প্রতিযোগিতা।
ads

 নয়া দিগন্ত ডেস্ক
জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত দ্রুত ও গভীর ঘুমের এক ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ২২ লাখ ২০ হাজার ইয়েনের বেশি বা প্রায় ১৪ হাজার মার্কিন ডলার জিতে নিয়েছেন এক নারী। ‘ম্যাট রেস’ নামের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে কম সময়ে ঘুমিয়ে পড়া এবং সর্বোচ্চ মানের বিশ্রাম নিশ্চিত করার দক্ষতায় তিনি সেরা নির্বাচিত হন।
ম্যাট্রেস প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোয়ালা সিøপ জাপানের উদ্যোগে গত ৫ অক্টোবর টোকিওতে এই আসর বসে। এতে কয়েক ডজন প্রতিযোগী অংশ নেন এবং প্রত্যেকে ঘুমানোর জন্য সর্বোচ্চ ৯০ মিনিট সময় পান।
আয়োজনের বিশেষ দিক ছিল ঘুমের প্রক্রিয়া পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার। প্রতিযোগীদের মাথায় বিশেষ যন্ত্র বসানো হয়েছিল, যা দিয়ে কে কত দ্রুত ঘুমিয়ে পড়ছেন এবং তাদের ঘুমের মান কেমন হচ্ছে, তা নিখুঁতভাবে পরিমাপ করা হয়। বিশ্রামের সময় আরামের জন্য কিছু প্রতিযোগীকে সাথে করে নরম খেলনাও নিয়ে আসতে দেখা গেছে।
প্রতিযোগিতায় ‘সুইমি’ ছদ্মনামে অংশ নেয়া ওই নারী চূড়ান্ত বিজয়ী ঘোষিত হন। পুরস্কারের অর্থ কিভাবে খরচ করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, স্বাধীনভাবে বসবাসের জন্য বাড়িভাড়া ও আবাসন সংক্রান্ত খরচে এই অর্থ ব্যয় করবেন। আর বাকি টাকা দিয়ে নিজের দীর্ঘদিনের স্বপ্নের একটি সুন্দর বিছানা কিনবেন।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, কেবল একটি ব্যতিক্রমী প্রতিযোগিতা আয়োজন করাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল না; বরং কর্মব্যস্ত জীবনে মানুষের সুস্থ ঘুম ও পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজনীয়তার দিকে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।