
নয়া দিগন্ত ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপি অফিস এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতার পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বগুড়া অফিস ও নন্দীগ্রাম সংবাদদাতা জানান, বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতের নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন অজ্ঞাত যুবক বিএনপির কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়। পরে গতকাল সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সারা দেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। মঙ্গলবার দিনগত রাতে নন্দীগ্রামের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজার ফিশারি এলাকায় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









