মুসলমান, বাঙালি,
মুসলমান বাঙালিদের চলে যাওয়ার কথা কেন তারা বলে না । সংগৃহীত
ads

পূর্ববাংলা তথা বাংলাদেশ থেকে অনেক হিন্দু পশ্চিমবঙ্গ তথা ভারতে চলে গেছে। নানা কারণেই তারা গেছে। তাদের কথা নিয়ে বিপুল সাহিত্য রচিত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারত থেকেও তো বিপুলসংখ্যক মুসলমান বাঙালি পূর্ববাংলা তথা বাংলাদেশে চলে গেছে। এই যে প্রতিবেশী লোকগুলো চলে গেল, তাদের কথা নেই কেন পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের লেখায়? এই প্রশ্নটিই তুলেছেন অভিষেক ঝা। ভারতের অভিনেতা, প্রডিউসার, এনডিটিভি প্রফিটের সিনিয়র এডিটর।

এখানে তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো।


পূর্ববাংলা থেকে হিন্দু বাঙালিরা চলে এসেছিল, পশ্চিমবাংলা থেকেও মুসলমান বাঙালিরা চলে গিয়েছিল। প্রথম ঘটনাটি নিয়ে পশ্চিমবাংলার সবর্ণ হিন্দুর সাহিত্যে শোক ও বিলাপের অন্ত নেই। দ্বিতীয় ঘটনাটি নিয়ে তার শোকের পরিমাণ কতটুকু? আরও জরুরি প্রশ্ন, দ্বিতীয় ঘটনাটিকে সে আদৌ নিজের শোকের বিষয় বলে মনে করেছে কি?
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘একটি তুলসী গাছের কাহিনী’ তে দেশত্যাগী হিন্দু গৃহস্থের ফেলে যাওয়া তুলসীগাছটি নিয়ে একজন মুসলমান লেখক যে আখ্যান লিখছেন, তার তুলনীয় আখ্যান পশ্চিমবাংলার সবর্ণ হিন্দু লেখকদের মধ্যে ক-জন লিখেছেন? পশ্চিমবাংলায় কি মুসলমানদের ফেলে যাওয়া গোরস্থান ছিল না? মসজিদ ছিল না? ফলের গাছ ছিল না? যে মুসলমানটির বাপ-ঠাকুরদার গোর এদেশে রয়ে গেল, তার দেশ হারানোর জন্য ক-পাতা বরাদ্দ হল পশ্চিমবাংলার হিন্দু ভদ্রলোকের সাহিত্যে?

হাসান আজিজুল হকের ‘খাঁচা’, ‘পরবাসী’, হাসান হাফিজুর রহমানের ‘আরও দুটি মৃত্যু’, আখতারুজ্জামান ইলিয়াসের ‘অন্য ঘরে অন্য স্বর’, শওকত আলীর ‘স্ববাসে প্রবাসে’, সেলিনা হোসেনের ‘সোনালি ডুমুর’, তসলিমা নাসরিনের ‘ফেরা’, ‘লজ্জা’ থেকে হাল আমলের স্বকৃত নোমানের ‘কালকেউটের সুখ’ পড়ুন। খেয়াল করবেন, ওয়ালীউল্লাহ থেকে জাকির তালুকদার হয়ে  স্বকৃত নোমান পর্যন্ত একাধিক প্রজন্মের মুসলমান বাংলাদেশি লেখক বাঙালি হিন্দুর চলে যাওয়া নিয়ে লিখছেন। দেশভাগ প্রত্যক্ষ করেছেন যাঁরা, কেবল তাঁরাই নন, দেশভাগের কয়েক দশক পর জন্মেছেন যাঁরা, তাঁরাও লিখছেন। শত্রু সম্পত্তি আইনের মাধ্যমে হিন্দুকে তার নিজের দেশে পর করে দেওয়ার ইতিহাস নিয়ে সেলিনা হোসেন চারশো পাতার উপন্যাস লিখছেন। অর্থাৎ এই শোকের একটা প্রজন্মান্তরের ধারাবাহিকতা রয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকেও হিন্দুর ক্রমাগত চলে যাওয়া তাঁদের সাহিত্যিক উদ্বেগের বিষয় হয়েছে। পশ্চিমবাংলার সবর্ণ হিন্দুর সাহিত্যে তার তুলনীয় ধারাবাহিকতা কোথায়?

পশ্চিমবাংলায় মুসলমানের দেশত্যাগ, তার সম্পত্তির হাতবদল এবং সেই হাতবদলের ফলে বাংলায় বসবাসকারী হিন্দুস্থানি হিন্দু সমাজের একাংশের অর্থনৈতিক সমৃদ্ধির ইতিহাস নিয়ে আমাদের সবর্ণ হিন্দু লেখকদের কী পরিমাণ সাহিত্যিক অনুসন্ধান রয়েছে?

অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’, প্রফুল্ল রায়ের ‘কেয়াপাতার নৌকো’, জ্যোতির্ময়ী দেবীর ‘এপার গঙ্গা ওপার গঙ্গা’, নারায়ণ সান্যালের ‘বকুলতলা পি এল ক্যাম্প’, শক্তিপদ রাজগুরুর ‘মেঘে ঢাকা তারা’ থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অর্জুন’—হিন্দুর উদ্বাস্তুজীবন নিয়ে পশ্চিমবাংলায় সাহিত্যের বিপুল বিস্তার । তার তুলনায় পশ্চিমবাংলা থেকে চলে যাওয়া মুসলমান  নিয়ে সাহিত্য কোথায়? সুনীলের ‘পূর্ব-পশ্চিম’-এর মতো সামান্য ব্যতিক্রম নিশ্চয়ই আছে যেখানে  কলকাতায় বংশপরম্পরায় বসবাসকারী মুসলমান পরিবারের সন্তান শাহজাহানকে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতে হেনস্থার শিকার হয়ে পূর্ব পাকিস্তানে চলে যেতে হয় এবং  সেখানেও তাকে সন্দেহ ও অবিশ্বাসের মুখোমুখি হতে হয় । কিন্তু ব্যতিক্রম দিয়ে প্রবণতাকে খারিজ করা যায় না।

পশ্চিমবাংলার সবর্ণ হিন্দু লেখক সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিস্তর লিখেছেন। কিন্তু মুসলমান নিপীড়নের বিরোধিতা করা আর মুসলমানি সংস্কৃতির বিপন্নতা ও  মুসলমানের চলে যাওয়াকে নিজের সংস্কৃতির ক্ষতি বলে মনে করা এক ব্যাপার নয়। মুসলমান প্রতিবেশীটি চলে যাওয়ার পর তার সম্পত্তি কার হল, কার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটল, কার সামাজিক প্রতিপত্তি বাড়ল, এই প্রশ্নগুলি করা সম্প্রীতির গল্প লেখার চেয়ে অনেক বেশি অস্বস্তিকর। কারণ প্রথমটিতে নিজের অসাম্প্রদায়িকতার মহিমা শো-অফ করা যায়, দ্বিতীয়টিতে নিজের সমাজের ( ফলত নিজের) অস্বস্তিকর ইতিহাসের দিকে তাকাতে হয়।

পশ্চিমবাংলার হিন্দু ভদ্রলোক আজও বরিশাল, ঢাকা কিংবা ফরিদপুরের জন্য কাতর হন। বেশ করেন। কিন্তু যে মুসলমানটির পরিবার বা পরিবারের কয়েকজনকে  মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, দিনাজপুর,  জলপাইগুড়ি,  কোচবিহার কিংবা বীরভূম ছেড়ে চলে গিয়েছিল, তার ওই একই কাতরতা পশ্চিমবাংলার সাহিত্যিকের কাছে কতটা সাহিত্যযোগ্য  শোক বলে বিবেচিত হয়েছে?

বাংলাদেশের মুসলমান লেখকরা হিন্দুর দেশত্যাগ নিয়ে লিখেছেন বলে সেদেশে হিন্দুর উপর ঘটা হিংসার ইতিহাস লঘু হয়ে যায় না। বরং সেই ইতিহাস আছে বলেই তাঁদের লেখার রাজনৈতিক ও নৈতিক গুরুত্ব অপরিসীম । 

পশ্চিমবাংলার সবর্ণ হিন্দুর সাহিত্য দেশভাগকে একটা বিরাট সাংস্কৃতিক ক্ষতি হিসেবে দেখেছে বরাবর। 

 কিন্তু কোন কোন  চলে যাওয়াকে সে সাংস্কৃতিক ক্ষতি বলে গণ্য করেছে, সেই হিসাবটা নেওয়া দরকার। তার বঙ্গীয় সংস্কৃতিবোধের পরিধিটাও তাতে বোঝা যাবে। মুসলমানও যে বাংলা থেকে চলে গিয়েছিল, শুধু সেই কথা নয়। মুসলমান চলে যাওয়ায় বাংলারও যে কিছু চলে গিয়েছিল, সেই বোধটুকু পশ্চিমবাংলার সবর্ণ হিন্দুর সাহিত্যে কতটা আছে?