আটক,  পুলিশ,
ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক। সংগৃহীত
ads

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।

​আটকের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি মোতাহার হোসেন। প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা কে এম শাখাওয়াত মুনকে ঘিরে রেখে জিজ্ঞাসাবাদ করছেন।

​জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছে আগামী ডিসেম্বর মাস ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বর্তমানে ‘ওএসডি’ (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অবস্থায় আছেন বলে জানান।

​ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন তার পরিচয় জানতে চান এবং সরকারি কর্মকর্তা হয়ে ভবিষ্যতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবেন কি না, সে বিষয়ে প্রশ্ন করেন। জবাবে শাখাওয়াত আর এমন কিছু করবেন না বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের নির্দেশে তাকে কান ধরতেও দেখা যায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা শাখাওয়াতকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন ও যাচাই-বাছাই করা হচ্ছে।