
সরকারবিরোধী ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই ডিবি কর্মকর্তা জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক ও বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাবেন।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগেই তাকে হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩৩তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে তিনি ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনারের (এসি) দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয় এবং সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।
এর আগে বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাজনৈতিক সংশ্লিষ্টতা পরিহার করে জনসেবায় মনোনিবেশ করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এরপরও কোনো কর্মকর্তা বা সদস্য ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









