নাম বদলে ফিরছে জাতীয় কৃষি পুরস্কার
ads

 নিজস্ব প্রতিবেদক
পতিত আওয়ামী লীগ আমলে রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’-এর নাম পরিবর্তন করে ‘জাতীয় কৃষি পুরস্কার’ নামকরণের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ লক্ষ্যে বিদ্যমান ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬’ সংশোধনের জন্য ‘জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া বিল প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত খসড়া বিলটি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদানসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটিতে পাঠানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক দাফতরিক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’-এর নাম পরিবর্তন করে ‘জাতীয় কৃষি পুরস্কার’ নামকরণের লক্ষ্যে গত ১৮ অক্টোবর ও ২৭ অক্টোবর (২০২৬) কৃষি মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে দু’টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই দু’টি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান আইন সংশোধনের লক্ষ্যে খসড়া আইন বিল আকারে প্রস্তুত করা হয়েছে।
খসড়া বিলটির ওপর মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট আন্তঃমন্ত্রণালয় কমিটির মতামত প্রয়োজন হওয়ায় মন্ত্রিপরিষদ সচিব বরাবর চিঠিটি পাঠানো হয়েছে। এতে কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত সচিবের (আইন) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
দাফতরিক নথি অনুযায়ী, মতামত প্রদানের সুবিধার্থে প্রস্তুতকৃত ‘জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া বিল, বিদ্যমান আইন এবং একটি সারসংক্ষেপসহ সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র নির্দেশক্রমে সংযুক্ত করে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কৃষি খাতে অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৩ সালে ‘জাতীয় কৃষি পুরস্কার’ প্রবর্তন করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৬ সালে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬’ প্রণয়ন করা হয় এবং এর আওতায় সংশ্লিষ্ট ট্রাস্ট ও পুরস্কার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ওই সময় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক, সনদপত্র এবং নগদ অর্থসহ বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেয়া হতো।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্তের অংশ হিসেবে ওই বছরের নভেম্বরে এই পুরস্কার প্রদান স্থগিত করা হয়। ফলে টানা দুই বছর ধরে গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় কৃষি পুরস্কারটি বন্ধ রয়েছে।
এরই ধারাবাহিকতায় পুরস্কারটির নামকরণ ও আইনি কাঠামো হালনাগাদের উদ্যোগ নেয়া হয়। এর অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয় গত অক্টোবরে দু’দফা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে। কৃষি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভাগুলোর সিদ্ধান্তের আলোকে ‘জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে।
এ বিষয়ে কৃষি সচিব সেলিম খানকে ফোন দিলেও সাড়া দেননি।