
চট্টগ্রাম ব্যুরো
দেশে পিএলআইডি (কোমরের মেরুদণ্ডের ডিস্কজনিত রোগ) আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এ রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্কট রয়েছে। বর্তমানে দেশে ফিজিয়াট্রিস্ট তিন শতাধিক, যা প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে মাত্র একজনের সামান্য বেশি। প্রয়োজনের তুলনায় এ সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।
মঙ্গলবার চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক (পিএলআইডি)’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সেখ ফজলে রাব্বি বলেন, মেরুদণ্ডের হাড়গুলোর মাঝখানে থাকা নরম ডিস্ক মেরুদণ্ডকে নমনীয় রাখে। কোনো কারণে ডিস্কের ভেতরের জেলির মতো অংশ বাইরের শক্ত আবরণ ভেদ করে বেরিয়ে এলে স্নায়ুর ওপর চাপ সৃষ্টি হয়। এতে তীব্র ব্যথা ও জটিলতা দেখা দিতে পারে। সাধারণত কোমরের নিচের অংশে এ সমস্যা বেশি হয়। দীর্ঘ সময় বসে কাজ করা, ওজন বেড়ে যাওয়া ও বিভিন্ন কারণে ডিস্ক সরে যেতে পারে। শারীরিক লক্ষণ ও এমআরআই রিপোর্ট সমন্বয় করে রোগের মাত্রা নির্ণয় করা হয়। অধিকাংশ রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই ফিজিওথেরাপি, ম্যানুয়াল থেরাপি ও ব্যায়ামের মাধ্যমে ব্যথা নিরাময় সম্ভব।
তিনি বলেন, দেশে বর্তমানে প্রবীণ জনগোষ্ঠী ৯ শতাংশ। আগামী ১০ থেকে ১৫ বছরে তা বেড়ে ২০ থেকে ২৫ শতাংশ হতে পারে। অথচ দেশে এখনো ফিজিক্যাল মেডিসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি। উপজেলা পর্যায়ে চিকিৎসকের ১০০টি পদ সৃষ্টি করা হলেও পদায়ন করা সম্ভব হয়নি। আরো ৩০০টির বেশি পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। বয়স্ক ও কায়িক পরিশ্রম করা মানুষের চিকিৎসায় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের বিকল্প নেই।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. পলাশ নাগ। তিনি জানান, ২০২৩ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ফিজিক্যাল মেডিসিন ও ফিজিওথেরাপি ইউনিটে ২০ হাজার ৬৬৮ জন রোগীকে সেবা দিয়ে প্রায় ১১ লাখ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে। এ বছরের নভেম্বর পর্যন্ত বহির্বিভাগে ১১ হাজার ৬৮০ জন রোগী, ৬৪ জন রেফার্ড রোগী ও বিভিন্ন ওয়ার্ডে ভর্তি ৫৩ জনকে সেবা দেয়া হয়েছে। এ ছাড়া ৪৯ জন রোগীকে মাস্কিউলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা দেয়া হয়েছে। তবে বিভাগে ফিজিওথেরাপিস্টের পদ গত এক বছর ধরে শূন্য রয়েছে।
সেমিনারে জানানো হয়, পিএলআইডি আক্রান্ত ৮৫ থেকে ৯০ শতাংশ রোগী অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হন। মাত্র ৫ থেকে ১০ শতাংশ জটিল রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কোমর থেকে পায়ে ছড়িয়ে পড়া ব্যথা, ঝিনঝিন করা, অবশভাব ও পেশি দুর্বলতা এ রোগের সাধারণ লক্ষণ। দীর্ঘক্ষণ বসে কাজ করা, ভুল ভঙ্গিতে ভারী জিনিস তোলা, স্থূলতা, ধূমপান ও কায়িক পরিশ্রমের অভাবে এ রোগের ঝুঁকি বাড়ে।
সেমিনারে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: একরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) মোহাম্মদ আবদুর রহিম ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার ডা. তৃশা দাশগুপ্ত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









