
নিজস্ব প্রতিবেদক
রেলওয়ের কোটি কোটি টাকা পাওনা, চুক্তি লঙ্ঘন ও অডিট আপত্তি নিষ্পত্তি না করেই সহজ ডটকমকে আবার ই-টিকিটিংয়ের দায়িত্ব দেয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। এক প্রতিবাদলিপিতে সংগঠনের সাধারণ সম্পাদক মো: সেলিম পটোয়ারী বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, প্রতিষ্ঠানটির কাছে বাংলাদেশ রেলওয়ের বিপুল পরিমাণ অর্থ পাওনা রয়েছে। পাশাপাশি সার্ভার বিপর্যয়ের কারণে অনলাইন টিকিট বিক্রি বন্ধ থাকা, টিকিট ব্লকিং, অ্যাডমিন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ আদায়ের অভিযোগও উঠে এসেছে।
অতীতের চুক্তিগত ব্যর্থতা, আর্থিক দায় ও অডিট আপত্তি নিষ্পত্তি না করেই একই প্রতিষ্ঠানকে আবার ই-টিকিটিং সেবার দায়িত্ব দেয়ার উদ্যোগ রাষ্ট্রীয় স্বার্থ, স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
এ ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি জানানো হয়েছে। যার মধ্যে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির কাছে বাংলাদেশ রেলওয়ের যাবতীয় বকেয়া পাওনা ও চুক্তি অনুযায়ী প্রযোজ্য জরিমানার অর্থ অবিলম্বে আদায় করতে হবে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্থাপিত চুক্তি লঙ্ঘন, আর্থিক অনিয়ম, কারিগরি ব্যর্থতা এবং অডিট আপত্তির বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
অতীতের আর্থিক দায়, চুক্তিগত অনিয়ম ও অডিট আপত্তি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিকে আবার ই-টিকিটিংয়ের দায়িত্ব দেয়ার সব উদ্যোগ বন্ধ রেখে নতুন দরপত্রে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে প্রচলিত আইন ও দরপত্রের শর্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে।
শেখ রেহানা, ওবায়দুল কাদের ও নুরুল ইসলাম সুজনের সাথে সহজ ডটকমের কথিত আর্থিক লেনদেন, সুবিধা প্রদান ও স্বার্থসংশ্লিষ্ট সম্পর্কের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সহজ ডটকমের মালিকানা কাঠামো, প্রকৃত সুবিধাভোগী সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এ ছাড়াও টিকিট কালোবাজারি, কৃত্রিম টিকিট সঙ্কট সৃষ্টি, টিকিট ব্লকিং এবং অনলাইন টিকিট ব্যবস্থাপনায় উত্থাপিত সব অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









