অনিয়মের তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপির চিঠি
ads

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের নিরপেক্ষ তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো: মাসুদ পারভেজ। আবেদনে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার দরপত্রে অনিয়ম, স্টোর ব্যবস্থাপনায় ত্রুটি এবং চিকিৎসায় অবহেলার মতো একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে।
সংসদ সদস্যের অভিযোগ অনুযায়ী, প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ওষুধ ও চিকিৎসাসামগ্রী ফ্রেমওয়ার্ক পদ্ধতিতে ঢাকার তিন প্রতিষ্ঠান- তাহসান এন্টারপ্রাইজ, এ এইচ এন্টারপ্রাইজ ও প্রেস্টিজিয়াস এন্টারপ্রাইজকে দেয়া হয়েছে। এই দরপত্র আহ্বান, মূল্যায়ন, ঠিকাদার নির্বাচন ও মালামাল গ্রহণে বিধিবিধান মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ক্রয়কৃত সামগ্রীর মান, বাজারমূল্য ও স্টক রেজিস্টার সরেজমিন যাচাইয়ের অনুরোধ করা হয়েছে।
আবেদনে ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া হয়েছে। গত বছরের জুনে ২৪ লাখ টাকার মালামাল সরবরাহ ছাড়াই বিল উত্তোলনের পুরনো অভিযোগও এতে যুক্ত করা হয়েছে। এ ছাড়া দুদকের মামলা চলমান থাকা অবস্থায় অব্যাহতির পর স্টোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা হাফিজ বিন ফয়সাল ওরফে পিয়াসের পুনরায় বহাল হওয়ার বিষয়টিও তদন্তের আওতায় আনার কথা বলা হয়েছে।
অভিযোগে চিকিৎসাসেবায় অবহেলার কয়েকটি ঘটনার উল্লেখ রয়েছে। এর মধ্যে চলতি বছর ৬৫ বছর বয়সী রোগী নূর আলমের চিকিৎসা নিয়ে তত্ত্বাবধায়কের মন্তব্য ও পরবর্তীতে তার মৃত্যু, সাম্প্রতিক সময়ে মানিকগঞ্জের রানা সরকার এবং স্ট্রোকের পর পদ্মবিলের এক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক-নার্সদের অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনেরা।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস। তিনি বলেন, ফ্রেমওয়ার্ক পদ্ধতিতে যথাযথ নিয়ম মেনেই দরপত্র সম্পন্ন হয়েছে। তিন বছরমেয়াদি এই প্রক্রিয়ায় দুর্নীতির কোনো সুযোগ নেই। এ দিকে চুয়াডাঙ্গার সিভিল সার্জন জানান, সদর হাসপাতালের তদারকি ও আর্থিক কার্যক্রম তত্ত্বাবধায়ক নিজেই পরিচালনা করেন।