
নিজস্ব প্রতিবেদক
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদি নামাপাড়া এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি, অবৈধ স্থাপনা নির্মাণ ও স্থানীয় জমি মালিকদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমি মালিক ও বাসিন্দাদের একাংশ। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের কর্নধার নাজিম উদ্দীন ভূঁইয়া ওরফে আরজুর বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করা হয়। এ সময় সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনাকে ‘পরিকল্পিত নাটক’ বলেও দাবি করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেজর জেনারেল (অব:) মহিউদ্দিন। তার দাবি, কয়েক বছর আগে ভাঙারি ব্যবসায়ী হিসেবে পরিচিত নাজিম উদ্দীন অবৈধ দখল ও চাঁদাবাজির মাধ্যমে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে এবং রাজনৈতিক পটপরিবর্তনের পরও এলাকায় দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ হয়নি বলে দাবি করা হয়।
বক্তারা অভিযোগ করেন, চলাচলের রাস্তায় অবৈধ গেট বসিয়ে স্থানীয়দের যাতায়াতে বিঘœ সৃষ্টি করা হচ্ছে। প্লট কেনাবেচা, নির্মাণকাজ ও মালামাল পরিবহনে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। স্বপ্ন নিবাস আবাসিক প্রকল্পের ৩৫ কাঠি জমি নিয়ে জটিলতা এবং একাধিক ব্যক্তির জমি দখল বা বায়নার নামে আটকে রাখার অভিযোগও তোলেন তারা। প্রশাসনের বিভিন্ন দফতরে আবেদন ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও প্রতিকার মেলেনি বলে জানান ভুক্তভোগীরা।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনাকে অবৈধ গেট অপসারণের প্রশাসনিক উদ্যোগ বানচাল করার জন্য সাজানো হয়েছে বলে দাবি করেন বক্তারা। তাদের অভিযোগ, ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট কেউ বাদি বা সাক্ষী না হলেও প্রতিপক্ষকে ফাঁসাতে দ্রুত মামলা করা হয়েছে এবং চাঁদাবাজির অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রায় ৩০০ পরিবারের নিরাপত্তার স্বার্থে অবৈধ গেট উচ্ছেদ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। একই সাথে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এ সময় ফিরোজ মিয়া, মিজানুর রহমান, মো: নূর আহমদ, মো: মজিবর রহমান, তাজুল ইসলাম বাবু ও মনিরুল ইসলাম রুবেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









