স্থানীয় সরকারে স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিতের সুপারিশ সংসদীয় কমিটির
ads

সংসদ প্রতিবেদক
গ্রামীণ ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা এবং সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি। একই সাথে স্থানীয় সরকারের সর্বস্তরের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ এবং দুর্নীতিমুক্ত পরিবেশে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন কমিটির সদস্যরা। 
গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ এম মাহবুব উদ্দিন এতে সভাপতিত্বে সদস্য মো: জাহিদুর রহমান, শাহ মো: ওয়ারেছ আলী মামুন, মো: মোস্তাফিজুর রহমান, মো: মাহবুবুল আলম এবং নূরুন্নিসা সিদ্দীকা অংশ নেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম থেকে তৃতীয় অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দেয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থাগুলোর পরিচিতি, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে গ্রামীণ ও শহরাঞ্চলে সড়ক, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এসব কার্যক্রম বাস্তবায়নে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি শহরাঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে মন্ত্রণালয়ের কার্যক্রম আরো জোরদারের পরামর্শ দেয়া হয়।
কমিটির আলোচনায় কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন, সেচ ব্যবস্থার উন্নয়ন ও বৃক্ষরোপণের বিষয়টিও গুরুত্ব পায়। 
এ ছাড়া কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানসংক্রান্ত প্রকল্পগুলোর কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়।
বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থাগুলোর প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।