
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের আওয়ামী ফ্যাসিবাদের অবসানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ঐক্যের প্রত্যাশা তৈরি হয়েছিল। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেয়া দলগুলো রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছিল। কিন্তু সরকার গঠনের পর সেই ঐক্যে টানাপড়েন স্পষ্ট হয়ে উঠেছে। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান সংস্কারের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে।
এর মধ্যে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে। আওয়ামী লীগের গুপ্ত ও প্রকাশ্য হামলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াত-এনসিপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান টার্গেট। এসব ঘটনায় বিভিন্ন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও হতাহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিরোধী দলগুলোর বক্তব্য, শুধু আওয়ামী ফ্যাসিবাদবিরোধী অবস্থান দিয়ে এই ঐক্য টেকসই করা যাবে না। জুলাইয়ের আকাক্সক্ষা বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন। ফলে ঐক্যের আহ্বান থাকলেও এর ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক মতপার্থক্য ক্রমেই সামনে আসছে।
ঐক্যের আহ্বান, এনসিপির শর্ত সংস্কার ও বিচার : সোমবার সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন। বৈঠকে জাতীয় ঐক্য, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং জাতীয় নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় আসে।
বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছি, জুলাই অভ্যুত্থান, সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে সামনে রেখেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’ তিনি গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের শপথ কার্যকর এবং সংবিধান সংশোধনবিষয়ক সংসদীয় কমিটি বিলুপ্ত করার দাবিও জানান। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেয় দলটি।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, সরকার ভিন্নমত বা নোট অব ডিসেন্ট বিবেচনায় রেখেই জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চায়। তার ভাষ্য, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে। প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তবে বৈঠকের পর এনসিপির বক্তব্যে স্পষ্ট হয়েছে, ঐক্যের প্রশ্নে দলটির প্রধান বিবেচনা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। অর্থাৎ আওয়ামী লীগবিরোধী অবস্থানের পাশাপাশি সংস্কার ও বিচার প্রশ্নেও অগ্রগতি চায় দলটি। ফলে রাজনৈতিক ঐক্যের আহ্বানে দলগুলো সাড়া দিলেও সুনির্দিষ্ট রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নে সমঝোতা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
১১ দলের সাথে বসতে পারেন প্রধানমন্ত্রী : এনসিপির সাথে বৈঠকের কিছুদিন আগে জুলাইপন্থীদের ঐক্যের প্রশ্নে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৈঠক করেছিলেন। অচিরেই জামায়াত জোটের সাথে বড় পরিসরে আরেকটি বৈঠক হচ্ছে বলে জানা গেছে। এজন্য অস্ট্রেলিয়া সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন ডা. শফিকুর রহমান। তার নেতৃত্বে ১১ দলীয় জোটের শীর্ষনেতাদের প্রধানমন্ত্রীর সাথে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের লক্ষ্যে এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সনদ বাস্তবায়নে মুখোমুখি সরকার ও বিরোধীরা : জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী পক্ষের বিরোধ এখন রাজনৈতিক সঙ্কটের অন্যতম কেন্দ্রে। সনদে রাষ্ট্র পরিচালনা, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের ক্ষমতা, সংসদীয় কাঠামো এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারসহ মোট ৮৪টি প্রস্তাব রয়েছে। এর মধ্যে ৪৮টি প্রস্তাব সংবিধান-সংশ্লিষ্ট।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জুলাই জাতীয় সনদের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে। বিরোধী দলগুলোর দাবি, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে হবে। এ জন্য সংসদ সদস্যদের সংসদ সদস্য হিসেবে শপথের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেয়ার কথা ছিল। কিন্তু বিএনপি তথা সরকারদলীয় সংসদ সদস্যরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের সংসদ সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য- উভয় হিসেবেই শপথ নেন। এই ভিন্ন অবস্থান থেকেই সংস্কার বাস্তবায়নের সাংবিধানিক পদ্ধতি নিয়ে বিরোধ তীব্র হয়েছে।
বিএনপির যুক্তি, সংবিধান সংশোধনের জন্য ১৪২ অনুচ্ছেদে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। জাতীয় সংসদই সংবিধান সংশোধনের সাংবিধানিক কর্তৃপক্ষ। অন্যদিকে জামায়াত ও এনসিপির অবস্থান, গণভোটের মাধ্যমে পাওয়া জনরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে। বিরোধী দলগুলোর আশঙ্কা, সংসদীয় কমিটির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিলে গণভোটের ম্যান্ডেট উপেক্ষিত হতে পারে।
এ বিরোধ এখন কেবল সংসদীয় প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সাথে জড়িয়ে পড়েছে গণভোটের রায়, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর প্রশ্ন। ফলে দুই পক্ষের অবস্থানের মধ্যে সমঝোতা না হলে সংস্কারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
সনদ বাস্তবায়নে রাজপথে জামায়াত : জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথের কর্মসূচিও জোরদার করছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ নেতারা বলেছেন, সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্যের আহ্বান অর্থবহ হবে না।
গত ২১ নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে দলটি। একই সাথে নভেম্বর ও ডিসেম্বরজুড়ে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। দলটির নেতাদের বক্তব্য, জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করা। সেই লক্ষ্য বাস্তবায়ন না করে কেবল রাজনৈতিক সমঝোতার কথা বললে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানিয়ে আসছে দলটি।
সংবিধান সংস্কার বিরোধ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে : সংবিধান সংস্কার নিয়ে বিরোধের কেন্দ্রে রয়েছে সংস্কারের বিষয়বস্তুর চেয়ে তা বাস্তবায়নের পদ্ধতি। সংবিধানবিষয়ক আইনজ্ঞ কাজী জাহিদ ইকবালের মতে, মূল প্রশ্ন হচ্ছে- কোন কর্তৃপক্ষের মাধ্যমে এবং কোন সাংবিধানিক প্রক্রিয়ায় সংস্কার কার্যকর করা হবে। সংসদের বাইরে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান পরিবর্তনের উদ্যোগের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে বিএনপি সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসরণ করে সংসদের মাধ্যমে সংশোধনের পক্ষে।
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল আইডিয়ার ২৩ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। এতে সংবিধান সংস্কার কমিশনের সাবেক প্রধান অধ্যাপক আলী রীয়াজ ও কমিশনের সাবেক সদস্য আইনজীবী ইমরান সিদ্দিকের মতামত তুলে ধরা হয়েছে।
অধ্যাপক আলী রীয়াজের মতে, ‘সংস্কার’ ও ‘সংশোধন’ এক বিষয় নয়। গণভোটে জনগণের রায়ের মাধ্যমে যে কাঠামোগত পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা সাধারণ কিছু সংবিধান সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার ভাষায়, সাধারণ সংশোধনীর মাধ্যমে বড় ধরনের সংস্কারের বদলে কেবল ‘জোড়াতালি’ দেয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
ইমরান সিদ্দিকীর বিশ্লেষণ অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে গৃহীত সংস্কারের একটি স্বতন্ত্র সাংবিধানিক ভিত্তি থাকতে পারে। অন্যদিকে বিদ্যমান সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের সাধারণ সংশোধনী ক্ষমতা প্রয়োগ করে যেসব পরিবর্তন আনা হবে, সেগুলো ভবিষ্যতে সংবিধানের মৌলিক কাঠামোর প্রশ্নে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
ইন্টারন্যাশনাল আইডিয়ার বিশ্লেষণে বলা হয়েছে, সংসদীয় বিশেষ কমিটি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনের সুপারিশ জমা দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ১৮তম সংশোধনী বিল সংসদে উত্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়া এ প্রক্রিয়া এগোলে সংস্কারের রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকে যেতে পারে।
বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, সংস্কারের স্থায়ী ভিত্তি গড়তে হলে আইনি বৈধতা ও রাজনৈতিক ঐকমত্য- দুটিই জরুরি। গণভোটের রায় উপেক্ষা করা যেমন সঙ্কট তৈরি করতে পারে, তেমনি বিদ্যমান সাংবিধানিক কাঠামোর সাথে সামঞ্জস্যহীন প্রক্রিয়াও ভবিষ্যতে আইনি জটিলতা বাড়াতে পারে। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ছাড়া সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নতুন বিরোধের জন্ম দিতে পারে।
ঐক্যের ভবিষ্যৎ নির্ভর করছে সমঝোতার ওপর : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। সরকার বলছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জামায়াত ও এনসিপির বক্তব্যে স্পষ্ট, সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া রাজনৈতিক ঐক্য পূর্ণতা পাবে না।
জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগবিরোধী অবস্থান বিভিন্ন দলের মধ্যে ঐক্যের প্রধান ভিত্তি তৈরি করেছিল। কিন্তু সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের পদ্ধতি, ক্ষমতার ভারসাম্য, বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে দলগুলোর মতপার্থক্য সামনে এসেছে। একই আন্দোলনের অংশীদার হলেও রাষ্ট্র পরিচালনা ও সংস্কারের পথ নিয়ে তাদের অবস্থান এখন এক নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বড় প্রশ্ন, এই মতপার্থক্য কি আলোচনার মাধ্যমে সমাধান হবে, নাকি তা নতুন রাজনৈতিক বিভাজনের জন্ম দেবে? কারণ, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল শুধু ক্ষমতার পরিবর্তন নয়; রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার, জবাবদিহি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঠেকানো।
সেই প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী পক্ষকে সমঝোতায় পৌঁছাতে হবে। গণভোটের রায়, সংবিধানের আইনি ভিত্তি এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ- এই তিন প্রশ্নে গ্রহণযোগ্য সমাধান না এলে ঐক্যের আহ্বান কেবল রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে। এতে জুলাইয়ের ঐক্য আরো দুর্বল হতে পারে। বাড়তে পারে নতুন রাজনৈতিক মেরুকরণ ও সঙ্ঘাতের ঝুঁকিও।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









