খুলনায় ৩ স্থানে গুলি লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন
ads

 নয়া দিগন্ত ডেস্ক

খুলনা মহানগরীতে গতকাল কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। এছাড়া লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইমন হোসেন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন।
খুলনা ব্যুরো জানান, খুলনা মহানগরীতে গতকাল কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এ ছাড়া নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি এবং দ্যা পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি করা হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার  সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে আওয়ামী লীগের খুলনা জেলা সভাপতি  হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিন থেকে চার ব্যক্তি সাঈদ শিকদারের সাথে কথা-কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাঈদ একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি দরজায় লাগে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। কী কারণে এবং কারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।
এ দিকে দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করেও গুলি করা হয়। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি কারো গায়ে লাগেনি। ঘটনার সময় টুটুলও বাড়িতে ছিলেন না।
অপরদিকে বিকেলে নগরীর দ্যা পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক দুর্বৃত্ত গুলি করে। চাঁদা দাবিতে হুমকির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রেস্টুরেন্টটি খোলা হয়। তবে চালুর অল্পক্ষণের মধ্যেই সেখানে গুলির ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে। চাঁদাবাজদের ভয়ে এতদিন রেস্টুরেন্টটি বন্ধ ছিল। পুলিশের নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার সেটি চালু করা হয়েছে । ঘটনার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল।
রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন 
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা  জানান, লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ইমন হোসেন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। 
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মীরগঞ্জ-মণ্ডলতলী সড়কের পাশে গ্রামীণ ব্যাংক শাখার সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইমনের সাথে থাকা দু’জন পালিয়ে যান।
আটক ইমন হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেরোয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের মূল ফটকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছেন। এ সময় আরেক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছিলেন। আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে ইমনকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।