অবশেষে পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক
ads

বিশেষ সংবাদদাতা
একসময় আওয়ামী রাজনৈতিক প্রভাব, ক্ষমতাধর উদ্যোক্তা ও পরিচালকদের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল ফার্মার্স ব্যাংকের। কিন্তু প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই ঋণ কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ, অনিয়ম ও আমানতকারীদের আস্থার সঙ্কটে বিপর্যস্ত হয়ে পড়ে ব্যাংকটি। পরে নাম বদলে রাখা হয় পদ্মা ব্যাংক। সরকারি চার ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের শত শত কোটি টাকার মূলধন সহায়তাতেও ফেরানো যায়নি ব্যাংকটির সুদিন। শেষ পর্যন্ত ব্যাংকটির আর্থিক দুরবস্থা এতটাই প্রকট হয়েছে যে, এবার বিশেষ ব্যবস্থার (রেজল্যুশন) আওতায় এনে কার্যত এর নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৬-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতেই এ উদ্যোগ। 
এ সিদ্ধান্তের ফলে পদ্মা ব্যাংকের আর্থিক সঙ্কট মোকাবেলা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় অধ্যাদেশে দেয়া ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক। তবে রেজল্যুশনের আওতায় নেয়া মানেই ব্যাংকটি তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাওয়া নয়। ব্যাংকটির ভবিষ্যৎ কাঠামো, দায়দেনা ও আমানতকারীদের স্বার্থ বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। 
যেভাবে শুরু হয়েছিল পতনের 
২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে ফার্মার্স ব্যাংকের যাত্রা শুরু হয়। ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৩ সালে। প্রতিষ্ঠার পরপরই ঋণ বিতরণ, পরিচালনা ও অর্থ ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসতে থাকে। অভিযোগ ছিল প্রভাবশালী উদ্যোক্তা ও পরিচালকদের যোগসাজশে নিয়মনীতি উপেক্ষা করে বিপুল অঙ্কের ঋণ বিতরণ করা হয়েছে। 
বাংলাদেশ ব্যাংকের তদন্তে প্রতিষ্ঠার প্রথম কয়েক বছরের মধ্যেই ব্যাংকটি থেকে তিন হাজার ৫০০ কোটি টাকার বেশি অর্থ বেরিয়ে যাওয়ার তথ্য উঠে আসে। ঋণ বিতরণে অনিয়ম ও অর্থ ফেরত না আসায় ব্যাংকটি দ্রুত তারল্য সঙ্কটে পড়ে। একপর্যায়ে আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার সক্ষমতাও প্রশ্নের মুখে পড়ে। 
২০১৭ সালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে ব্যাংকটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরসহ প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয়। বাংলাদেশ ব্যাংকও ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করে। ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়। কিন্তু ততদিনে আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। 
সরকারি অর্থে বাঁচানোর চেষ্টা, নাম বদলে পদ্মা 
ব্যাংকটিকে ধসের হাত থেকে রক্ষা করতে ২০১৮ সালে এগিয়ে আসে রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্মিলিতভাবে ৭১৫ কোটি টাকা বিনিয়োগ করে ব্যাংকটির ৬০ শতাংশ মালিকানা নেয়। 
এরপর ২০১৯ সালে ফার্মার্স ব্যাংকের নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক। উদ্দেশ্য ছিল পুরনো বিতর্কিত পরিচয় থেকে বেরিয়ে এসে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। কিন্তু নাম পরিবর্তন হলেও ব্যাংকটির আর্থিক সঙ্কট কাটেনি। 
২০১৮ সালে চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তার সময়েও ব্যাংকটির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি; বরং ব্যাংকের অর্থ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে অভিযোগ সামনে আসে। ২০২১ সালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর অভিযোগ করেন, নাফিজ সরাফাতের সাথে সংশ্লিষ্ট একটি বিনিয়োগ তহবিলে ব্যাংকের ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল, যা নিয়ে প্রশ্ন রয়েছে। নাফিজ সরাফাত ও ব্যাংক কর্তৃপক্ষও পাল্টা অভিযোগ তুলেছিল। এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও জবাবদিহির প্রশ্ন সামনে এলেও ব্যাংকটির সঙ্কট কাটেনি। 
২০২৪ সালের জানুয়ারিতে নাফিজ সরাফাত চেয়ারম্যানের পদ ছাড়েন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শুরু করে। ২০২৫ সালে সিআইডি তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে। তবে এসব অভিযোগের চূড়ান্ত বিচারিক নিষ্পত্তি এবং ব্যক্তিগত দায় নির্ধারণের বিষয়টি তদন্ত ও আদালতের প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। 
৯২ শতাংশ ঋণই খেলাপি 
দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও ঋণ আদায়ে ব্যর্থতার চূড়ান্ত পরিণতি এখন পদ্মা ব্যাংকের আর্থিক চিত্রে স্পষ্ট। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলারে উল্লিখিত তথ্যানুযায়ী, ব্যাংকটির মূলধন ঋণাত্মক। মোট ঋণের ৯২ শতাংশই খেলাপি। সুদ আয়ও ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতি সঙ্কটাপন্ন; অর্থাৎ ব্যাংকটির আয় দিয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং দায় পরিশোধের সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় না হওয়া, বিপুল খেলাপি ঋণের বোঝা এবং আমানতকারীদের আস্থাহীনতা পরিস্থিতিকে আরো জটিল করেছে। বাংলাদেশ ব্যাংকের নীতিসহায়তা ও সরকারি মূলধন বিনিয়োগও ব্যাংকটিকে ঘুরে দাঁড় করাতে পারেনি। 
এখন কী হবে আমানতকারীদের? 
বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ। এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির আর্থিক অবস্থা পর্যালোচনা, দায়দেনা নিরূপণ, সম্পদ ও ঋণ পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় পুনর্গঠনমূলক পদক্ষেপ নিতে পারবে। প্রয়োজনে ব্যাংকটির ব্যবস্থাপনা, মালিকানা কাঠামো কিংবা ভবিষ্যৎ পরিচালনব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। তবে আমানতকারীদের অর্থ ফেরতের নির্দিষ্ট সময়সীমা বা কী পদ্ধতিতে অর্থ পরিশোধ করা হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। এ ক্ষেত্রে ব্যাংকটির প্রকৃত সম্পদ, আদায়যোগ্য ঋণ এবং মোট দায়ের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 
পদ্মা ব্যাংকের ঘটনাটি বাংলাদেশের ব্যাংক খাতের সুশাসন ও জবাবদিহির বড় পরীক্ষাও বটে। একটি ব্যাংক প্রতিষ্ঠার পর কয়েক বছরের মধ্যে কিভাবে হাজার হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ তৈরি হয়, কিভাবে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠে এবং কিভাবে সরকারি অর্থ ঢেলেও একটি ব্যাংককে সুস্থ ধারায় ফেরানো যায় না- পদ্মা ব্যাংক তার বড় উদাহরণ।