
নয়া দিগন্ত ডেস্ক
অস্ট্রেলিয়ার সংসদে বিদায়ী ভাষণ দিতে উঠে একেবারে অন্য রকম চমক দিলেন দেশটির সংসদ সদস্য জর্ডান লেন। রাজনৈতিক জীবনের শেষ ভাষণকে স্মরণীয় করে রাখতে সংসদকেই বেছে নিলেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী হিসেবে। ভাষণের একপর্যায়ে উপস্থিত সবার সামনে নিজের দীর্ঘদিনের সঙ্গী নাটালিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। আবেগঘন সেই মুহূর্তে নাটালিও সম্মতি জানান। ফলে সংসদের আনুষ্ঠানিক বিদায়ী ভাষণ পরিণত হয় এক ব্যতিক্রমী বিয়ের প্রস্তাবের ঘটনায়। পুরো ঘটনার ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন লেন।
সংসদের স্পিকার যখন লেনকে বিদায়ী ভাষণ দেয়ার অনুমতি দেয়ার কথা জানিয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানান, তখনই শুরু হয় সেই বিশেষ মুহূর্তের প্রস্তুতি। ভাষণের শুরুতেই লেন বলেন, জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যতটা কঠিন, তার চেয়েও কঠিন সেটি অন্যদের কাছে ব্যাখ্যা করা। ভালোবাসা তার জীবনের কতটা গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে, তা-ও তুলে ধরেন তিনি।
এরপর নাটালির দিকে ফিরে সংসদে দাঁড়িয়েই তাকে বিয়ের প্রস্তাব দেন লেন। স্পিকারকে সম্বোধন করে তিনি বলেন, ‘রাইডের সংসদ সদস্য হিসেবে আমার শেষ প্রশ্নটি আমার সবচেয়ে প্রিয় মানুষ নাটালির উদ্দেশে। তুমি কি আমাকে বিয়ে করবে?’
প্রত্যুত্তরে নাটালি মাথা নেড়ে সম্মতি জানান। মুহূর্তেই সংসদের আনুষ্ঠানিক পরিবেশ বদলে যায় আবেগঘন ব্যক্তিগত আয়োজনে। সহকর্মী ও সংসদ সদস্যদের উপস্থিতিতে জর্ডান লেনের বিদায়ী ভাষণ হয়ে ওঠে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









