মসজিদের মিনারে মিনারে উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস, পর্যটনের স্বর্গ ইস্তাম্বুল
বাইজেন্টাইন ও উসমানীয় সাম্রাজ্যের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া।
ads

কাওসার আজম তুরস্ক থেকে ফিরে 
এক দিকে ইউরোপ, অন্য দিকে এশিয়া। মাঝখানে নীল জলরাশির বসফরাস প্রণালী। দুই মহাদেশকে যুক্ত করে দাঁড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের নগরী ইস্তাম্বুল। শহরের আকাশে চোখ তুললেই দেখা যায় অসংখ্য গম্বুজ ও সুউচ্চ মিনার। কোথাও কয়েক শ’ বছরের পুরনো মসজিদ, কোথাও উসমানীয় সুলতানদের রাজপ্রাসাদ ও সমাধিসৌধ, আবার কোথাও শতাব্দী প্রাচীন বাজারের ব্যস্ততা। সমুদ্রের বুক চিরে চলা জাহাজ, পাহাড়ের ঢালে সাজানো পুরনো বাড়ি আর আধুনিক নগরজীবনের মেলবন্ধনে ইস্তাম্বুল যেন ইতিহাসের এক জীবন্ত জাদুঘর। 
একসময় কনস্টান্টিনোপল নামে পরিচিত এই নগরী ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। ১৪৫৩ সালে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদের বিজয়ের পর এটি উসমানীয় সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয়। পরবর্তী প্রায় পাঁচ শ’ বছরে সুলতানদের উদ্যোগে এখানে নির্মিত হয় অসংখ্য মসজিদ, প্রাসাদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক স্থাপনা। এসব স্থাপনা আজও বহন করছে সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস। 
ইস্তাম্বুলের বিশেষত্ব হলো এখানকার মসজিদগুলো শুধু ইবাদতের স্থান নয়। ইতিহাস, স্থাপত্য, শিক্ষা ও সামাজিক জীবনেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটি মসজিদ দেখতে গিয়ে আশপাশেই পাওয়া যায় সুলতানদের সমাধিসৌধ, ঐতিহাসিক চত্বর ও প্রাচীন বাজারের সন্ধান। 
নীল টাইলসে মোড়ানো সুলতান আহমেদ মসজিদ : ইস্তাম্বুলের সবচেয়ে আলোচিত স্থাপনাগুলোর একটি সুলতান আহমেদ মসজিদ, বিশ্বজুড়ে যা ব্লু মস্ক নামে পরিচিত। সুলতান আহমেদের (প্রথম) নির্দেশে ১৬০৯ থেকে ১৬১৬ সালের মধ্যে স্থপতি সেদেফকার মেহমেদ আগা এটি নির্মাণ করেন। মসজিদের ভেতরে নীলাভ ইজনিক টাইলসের অপূর্ব কারুকাজ, বিশাল গম্বুজ, অর্ধগম্বুজ ও আলো-বাতাসের নান্দনিক বিন্যাস দর্শনার্থীদের মুগ্ধ করে। ছয়টি সুউচ্চ মিনার এর অন্যতম বৈশিষ্ট্য। 
মসজিদের সামনেই সুলতানাহমেত (সুলতান আহমেদ) স্কয়ার। একসময় এখানে ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বিখ্যাত হিপোড্রোম বা রথদৌড়ের ময়দান। এখনো সেখানে দাঁড়িয়ে আছে থিওডোসিয়াসের স্তম্ভ ও সর্পস্তম্ভসহ প্রাচীন নিদর্শন। একই চত্বর থেকে এক দিকে ব্লু মস্ক, অন্য দিকে আয়া সোফিয়া দেখা যায়। 
মসজিদের পাশেই রয়েছে সুলতান আহমেদের (প্রথম) সমাধিসৌধ। সেখানে শায়িত রয়েছেন তিনি, তার স্ত্রী কোসেম সুলতান এবং উসমানীয় রাজপরিবারের আরো কয়েকজন সদস্য। ফলে মসজিদটি শুধু স্থাপত্যের নিদর্শন নয়, রাজপরিবারের ইতিহাসেরও গুরুত্বপূর্ণ স্মারক। 
দুই সাম্রাজ্যের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সোফিয়া : ব্লু মস্কের অদূরেই অবস্থিত প্রায়  দেড় হাজার বছরের পুরনো আয়া সোফিয়া। বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে ৫৩২ থেকে ৫৩৭ খ্রিষ্টাব্দের মধ্যে নির্মিত এই স্থাপনা একসময় খ্রিষ্টান বিশ্বের অন্যতম বৃহৎ গির্জা ছিল। 
১৪৫৩ সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর সুলতান দ্বিতীয় মুহাম্মদ এটিকে মসজিদে রূপান্তর করেন। উসমানীয় আমলে যুক্ত হয় মিনার, মিহরাব, মিম্বর ও বিশালাকার আরবি ক্যালিগ্রাফি। উসমানীয় সাম্রাজ্যের পতনের পর ১৯৩৫ সালে জাদুঘর হিসেবে এটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়। ২০২০ সালে বর্তমান প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এটিকে আবার মসজিদ হিসেবে চালু করেন। 
প্রায় ৩১ মিটার ব্যাসের বিশাল কেন্দ্রীয় গম্বুজ, মার্বেলের স্তম্ভ, প্রাচীন খ্রিষ্টীয় মোজাইকচিত্র ও উসমানীয় আমলের ক্যালিগ্রাফি এর প্রধান আকর্ষণ। স্থপতি অ্যানথেমিয়াস অব ট্রালেস ও ইসিডোরাস অব মিলেটাসের নকশায় নির্মিত স্থাপনাটির কাঠামো সংরক্ষণে উসমানীয় আমলে মিমার সিনান গুরুত্বপূর্ণ সংস্কারকাজ করেন। ১৯৮৫ সালে ইস্তাম্বুলের ঐতিহাসিক এলাকাগুলোর অংশ হিসেবে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। একই স্থাপনায় দুই সভ্যতার শিল্প, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এমন সহাবস্থান সত্যিই বিস্ময়কর। 
সুলেইমানিয়ে মসজিদ : উসমানীয় সাম্রাজ্যের প্রভাবশালী শাসক সুলতান সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্টের নির্দেশে ১৫৫০ থেকে ১৫৫৭ সালের মধ্যে বিখ্যাত স্থপতি মিমার সিনান নির্মাণ করেন সুলেইমানিয়ে মসজিদ। শহরের উঁচু এলাকায় অবস্থিত এই মসজিদের বিশাল গম্বুজ, চারটি মিনার ও প্রশস্ত প্রাঙ্গণ বিশেষভাবে আকর্ষণীয়। এখান থেকে গোল্ডেন হর্ন ও শহরের বিস্তৃত দৃশ্য দেখা যায়। মসজিদটির সাথে একসময় যুক্ত ছিল মাদরাসা, হাসপাতাল, গ্রন্থাগার, দাতব্য রান্নাঘর, গোসলখানা ও সরাইখানা। চত্বরেই রয়েছে সুলতান সুলেইমান ও তার স্ত্রী হুররেম সুলতানের সমাধিসৌধ। ফলে এটি উসমানীয় সাম্রাজ্যের স্থাপত্য ও জনকল্যাণমূলক ব্যবস্থার গুরুত্বপূর্ণ নিদর্শন। 
বিজয়ী সুলতানের স্মৃতিবিজড়িত ফাতিহ মসজিদ : কনস্টান্টিনোপল বিজয়ী সুলতান দ্বিতীয় মুহাম্মদ বা ফাতিহ সুলতান মেহমেদের নামে নির্মিত ফাতিহ মসজিদও ইস্তাম্বুলের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। ১৫ শ’ শতকে নির্মিত এই মসজিদ উসমানীয় স্থাপত্যের প্রাথমিক বিকাশের গুরুত্বপূর্ণ নিদর্শন। মসজিদটির সাথে মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক স্থাপনা যুক্ত ছিল। কাছেই রয়েছে সুলতান ফাতিহের সমাধিসৌধ। 
আইয়ুপ সুলতান মসজিদে ধর্মীয় আবহ : গোল্ডেন হর্নের তীরে অবস্থিত আইয়ুপ সুলতান মসজিদ মুসলিম পর্যটকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আবু আইয়ুব আনসারি রা:-এর স্মৃতিবিজড়িত এই স্থাপনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ঐতিহাসিক জনপদ। উসমানীয় সুলতানদের সিংহাসনে আরোহণের পর এখানে তরবারি পরিধানের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হতো। 
মসজিদসংলগ্ন পুরনো কবরস্থান ও সরু রাস্তার পাশেই রয়েছে পিয়েরে লোতি পাহাড়। কেবল কারে পাহাড়ের ওপরে উঠে গোল্ডেন হর্নের মনোরম দৃশ্য উপভোগ করেন পর্যটকেরা। 
নিউ মস্ক ও রুস্তেম পাশা মসজিদ : ইস্তান্বুলের এমিনোনু এলাকার গোল্ডেন হর্নের তীরে অবস্থিত নিউ মস্ক বা ইয়েনি জামে মসজিদ। সাফিয়ে সুলতানের উদ্যোগে নির্মাণকাজ শুরু হলেও তুরহান হাতিজে সুলতানের পৃষ্ঠপোষকতায় ১৬৬৫ সালে এটি সম্পন্ন হয়। মসজিদের কাছেই ঐতিহাসিক মসলা বাজার। 
এলাকার আরেক আকর্ষণ রুস্তেম পাশা মসজিদ। সুলতান সুলেইমানের প্রধানমন্ত্রী রুস্তেম পাশার নামে নির্মিত এই মসজিদ ইজনিক টাইলসের অসাধারণ কারুকাজের জন্য বিখ্যাত। 
বসফরাসের তীরে ছবির মতো ওর্তাকয় মসজিদ : বসফরাস প্রণালীর তীরে অবস্থিত ওর্তাকয় মসজিদের আনুষ্ঠানিক নাম বুয়ুক মেজিদিয়ে মসজিদ। সুলতান আবদুল মজিদ প্রথমের আমলে ১৮৫৩ সালে নির্মিত এটি উসমানীয় সাম্রাজ্যের শেষ দিকের স্থাপত্যশৈলীর সুন্দর উদাহরণ। পেছনে বসফরাস সেতু, সামনে নীল জলরাশি- সব মিলিয়ে এটি ইস্তাম্বুলের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। এখানকার জনপ্রিয় তুর্কি খাবার কুমপিরও পর্যটকদের আকর্ষণ করে। 
ইবাদত, শিশুদের কোলাহল ও পর্যটকের পদচারণা : ইস্তাম্বুলের ঐতিহাসিক মসজিদগুলোতে প্রবেশ করলে দেখা মেলে ভিন্ন চিত্র। কোথাও মা-বাবা নামাজ আদায় করছেন, অন্য পাশে আপন মনে সময় কাটাচ্ছে শিশুরা। শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, মুসল্লিদের নামাজ ও কোরআন তিলাওয়াত মসজিদ প্রাঙ্গণে তৈরি করে প্রাণবন্ত পরিবেশ। এর সাথে যোগ হয় ইমামের সুরেলা কণ্ঠে কুরআন তিলাওয়াত ও মিনার থেকে ভেসে আসা আজান। মুসলিমদের পাশাপাশি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের অমুসলিম পর্যটকেরাও মসজিদ দেখতে আসেন। তারা স্থাপত্য, কারুকাজ ও ইতিহাস সম্পর্কে জানেন। তবে উপযুক্ত পোশাক পরা, নামাজের সময় মুসল্লিদের জায়গা ছেড়ে দেয়া এবং ইবাদতের পরিবেশের প্রতি শ্রদ্ধা বজায় রাখার নিয়ম মানতে হয়। 
গালাতা টাওয়ার, তাকসিম ও বসফরাসে নৌভ্রমণ : মসজিদ ও প্রাসাদের বাইরেও ইস্তাম্বুলের পর্যটন আকর্ষণের কমতি নেই। মধ্যযুগে নির্মিত গালাতা টাওয়ার থেকে শহরের বিস্তৃত দৃশ্য দেখা যায়। কাছেই তাকসিম স্কয়ার ও ইস্তিকলাল সড়ক। ঐতিহাসিক ভবন, ক্যাফে, বিপণিবিতান এবং পরিচিত লাল ট্রামের কারণে এলাকাটি দিন-রাত মুখর থাকে। 
ইস্তাম্বুল ভ্রমণের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা বসফরাস প্রণালীতে নৌভ্রমণ। এক দিকে ইউরোপ, অন্য দিকে এশিয়া। মাঝখান দিয়ে চলা পর্যটকবাহী জাহাজ থেকে দোলমাবাহচে প্রাসাদ, ওর্তাকয় মসজিদ, রুমেলি দুর্গ, বেবেক ও মেইডেনস টাওয়ারের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। জাহাজে সহজেই ইউরোপীয় অংশ থেকে এশীয় অংশের উস্কুদার ও কাদিকয়ে যাওয়া যায়। 
মসজিদকেন্দ্রিক নগরসভ্যতার অনন্য নিদর্শন : ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখলে বোঝা যায়, উসমানীয় শাসকেরা মসজিদকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন সমন্বিত নগরব্যবস্থা। কুল্লিয়ে নামে পরিচিত এসব কমপ্লেক্সে মসজিদের পাশাপাশি থাকত মাদরাসা, হাসপাতাল, গ্রন্থাগার, দাতব্য রান্নাঘর, সরাইখানা ও বাজার। সুলেইমানিয়ে ও ফাতিহ মসজিদ কমপ্লেক্সে সেই ঐতিহ্যের নিদর্শন এখনো বিদ্যমান। 
১৯৮৫ সালে ইস্তাম্বুলের ঐতিহাসিক এলাকাগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। আয়া সোফিয়া, তোপকাপি প্রাসাদ, সুলেইমানিয়ে, ফাতিহ ও ব্লু মস্কসহ অসংখ্য স্থাপনা এই ঐতিহ্যের অংশ।
সব মিলিয়ে ইস্তাম্বুল শুধু পর্যটনের শহর নয়; এটি দুই মহাদেশ, দুই সাম্রাজ্য এবং বহু শতাব্দীর ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য মিলনস্থল। মসজিদের মিনারে মিনারে আজও যেন প্রতিধ্বনিত হয় উসমানীয় সাম্রাজ্যের অতীত গৌরব।  
তুরস্কের পর্যটনশিল্প, আয়ের বড় উৎস : তুরস্ক বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। দেশটির অর্থনীতিতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫ সালে পর্যটন খাত থেকে দেশটির আয় হয়েছে প্রায় ৬৫.২৩ বিলিয়ন মার্কিন ডলার। এই বছর বিদেশী পর্যটক ও প্রবাসী তুর্কি মিলিয়ে প্রায় ৬৩.৯২ মিলিয়ন দর্শনার্থী দেশটি ভ্রমণ করেন। 
তুরস্কের প্রধান পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক স্থাপনা ও বসফরাস প্রণালির জন্য বিখ্যাত ইস্তাম্বুল, ভূমধ্যসাগরীয় সমুদ্রসৈকত ও বিলাসবহুল রিসোর্টের শহর আনতালিয়া, তোপকাপি প্রাসাদ, উসমানীয় ঐতিহ্যের শহর বুরসা এবং সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত মুগলা ও ত্রাবজোন।