
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দিকে আজ বুধবার দেশের অন্যান্য মহানগরীতেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি।
রাজধানীতে বিক্ষোভ : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে গতকাল মিরপুর-১ সনি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর-১০ গোলচত্বর প্রদক্ষিণ শেষে কাজীপাড়ায় এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে এবং আয়নাঘর প্রতিষ্ঠা করা হয়েছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সংবিধান পরিবর্তন থেকে শুরু করে এমন কোনো ঘৃণ্য কাজ নেই, যা তারা করেনি। এরই পরিণতিতে এ দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ৩৬ জুলাইয়ের আন্দোলনে প্রায় চৌদ্দশত মানুষের শাহাদত এবং হাজার হাজার মানুষের আহত ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছেন।
তিনি আরো বলেন, পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় ক্ষমতায় থেকে দলের প্রধান, নেতা-নেত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এভাবে পালিয়ে যাওয়ার ঘটনা বিরল। কিন্তু পাশের দেশে আশ্রয় নিয়ে সেখান থেকে একের পর এক উসকানি দিচ্ছেন। মেরে ফেলব, কেটে ফেলব, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এভাবে ধারাবাহিক হুমকি ও উসকানি দেয়া হচ্ছে। সর্বশেষ গত কয়েক দিনে আবারো তাণ্ডব চালানো হয়েছে। সংসদ সদস্যদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার ঘটনা ঘটেছে। চলন্ত যানবাহনের যাত্রীদের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে, চালককে হত্যা করা হয়েছে এবং লুটতরাজের মাধ্যমে বাংলাদেশে আবারো ফ্যাসিবাদের সেই দৃশ্য মানুষ দেখেছে।
ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি যুবনেতা ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যুব বিভাগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) আবদুল বাতেন। আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাসির উদ্দীন, মহানগরী যুব বিভাগের সহসভাপতি ডা. মঈন উদ্দিন, হাসানুল বান্না চপল, নাসির উদ্দিন খান সজল প্রমুখ।
সারা দেশে আজ বিক্ষোভ : আজ বুধবার ঢাকা মহানগরী বাদে দেশের অন্যান্য মহানগরীতে জামায়াতে ইসলামীর পূবঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে। কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন দলের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









