
- ১০৩ কোটি টাকা প্রতি কিলোমিটারে, প্রশ্ন পরিকল্পনা কমিশনের
- প্রকল্পের অন্যান্য খাতের খরচ অন্য প্রকল্পের দ্বিগুণ
উজানের ঢল, চর জাগার খেলা আর পদ্মার সর্বগ্রাসী ভাঙনে প্রতি বছর মানচিত্র বদলাচ্ছে রাজশাহীর বিস্তীর্ণ জনপদ। এই ভাঙন ঠেকাতে এবার ৭৪৬ কোটি ১১ লাখ টাকার বিরাট অঙ্কের প্রকল্প নিয়ে মাঠে নেমেছে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। কিন্তু বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রস্তাবিত দর বিশ্লেষণ করে বলছে, নদীর তীর সংরক্ষণ ও পুনর্বাসনের মতো স্পর্শকাতর খাতে প্রতি কিলোমিটারে খরচের হিসাব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। চলমান বা পুরনো বা সমজাতীয় প্রকল্পের তুলনায় প্রস্তাবিত কাজের একক দরে বড় ধরনের ফারাক যেমন চোখে পড়ছে, তেমনি আগের কাজের পুনর্বাসন ও তদারকি ব্যবস্থা নিয়েও তৈরি হয়েছে সংশয়। প্রতি কিলোমিটার তীর রক্ষায় খরচ হবে ১০৩ কোটি ৫৭ লাখ টাকার বেশি। আর সতর্কতামূলক তীর রক্ষায় প্রতি কিলোমিটারে ১৫ কোটি ৩৭ লাখ টাকা বলে খরচের হিসাব থেকে জানা গেছে। আজ বুধবার প্রকল্পটি পর্যালোচনার জন্য পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগের মূল্যায়ন কমিটির সভায় উপস্থাপন করা হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের দেয়া প্রকল্প দলিল থেকে জানা গেছে, রাজশাহী শহরের পূর্ব প্রান্ত হতে ভাটিতে হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত দীর্ঘ ৬৮ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট চারঘাট ও বাঘা উপজেলার পদ্মা নদীর বাম তীরে সাহাপুর ও চারঘাট সীমান্ত নয়টা আলাইপুর, চারঘাট ও বাঘা থানা রক্ষায় মোট ১২.১০৯ কিলোমিটার দৈর্ঘ্যরে নদীর তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হয়েছে। চারঘাট উপজেলায় রাজশাহী ক্যাডেট কলেজ ও তৎসংলগ্ন ইউসুফপুর অংশে ২.২৮০ কিলোমিটার প্রতিরক্ষা পুনর্বাসন ও নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। সম্প্রতি বাঘা উপজেলার মীরগঞ্জ, আলাইপুর একটি উপজেলার রাওথা এলাকায় ৫.৫০০ কিলোমিটার প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন, ১.২০ কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজের পুনর্বাসন ও ড্রেজিং করা সম্পন্ন হয়েছে। ড্রেজড আর্থ দ্বারা ছয়টি ক্রসবার নির্মাণ আরো তিনটি ক্রসবার নির্মাণ বাস্তবায়নাধীন আছে। ড্রেজিং ও ক্রসবার নির্মাণ এর ফলে পদ্মা নদীর বাম তীরে নদীভাঙন রোধ হয়েছে। তবে নদীর উজান ও ভাটিতে অন্যান্য স্থানে চরজেগে ওঠায় নদীর গতিবেগ পরিবর্তিত হয়ে ওইসব এলাকায় ব্যাপক আকারে নদীভাঙন সংঘটিত হচ্ছে। ফলে ওই স্থানগুলোতে বিপুল পরিমাণ ফসলি জমিসহ উল্লেখযোগ্যসংখ্যক সরকারি, বেসরকারি স্থাপনা ও যোগাযোগ অবকাঠামো নদীতে বিলীন হয়েছে, এখনো হচ্ছে। পদ্মা নদীর বাম তীরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ও চারঘাট-বাঘা উপজেলার উল্লিখিত এলাকাসহ রাজশাহী-চারঘাট-বাঘা-হার্ডিঞ্জ ব্রিজ-পাবনা আঞ্চলিক মহাসড়ক নদীভাঙনের ঝুঁকির সম্মুখীন হয়ে পড়েছে। এ পরিপ্রেক্ষিতে নভেম্বর ২০২৩ সালে ‘চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলায় পদ্মা নদীর বেসিন ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্প গ্রহণের লক্ষ্যে ঈঊএওঝ ওডগ-এর মাধ্যমে একটি সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদন করা হয়। সমীক্ষাটির সুপারিশের ভিত্তিতে বাস্তব অগ্রাধিকার বিবেচনায় প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।
দলিলের তথ্য বলছে, রাজশাহী জেলায় পদ্মা নদীর তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকাগুলো রক্ষার জন্য নদীর তীর সংরক্ষণ প্রকল্প (১ম অংশ)’ শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী জেলার গোদাগাড়ী, পবা, রাজশাহী সিটি, চারঘাট ও বাঘা উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পদ্মার ভাঙন থেকে রক্ষা পাবে। প্রকল্পের প্রাক্কলিত মোট ব্যয় ধরা হয়েছে ৭৪৬.১১ কোটি টাকা। যার পুরোটাই আসবে সরকারি কোষাগার বা জিওবি অনুদান থেকে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটি বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে অক্টোবর ২০২৬ থেকে মার্চ ২০৩০ পর্যন্ত। যদিও পরিকল্পনা কমিশন মনে করছে, বাস্তবতার নিরিখে মেয়াদ জানুয়ারি ২০২৭ থেকে মার্চ ২০৩০ পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে।
প্রকল্পের মূল কাজ
প্রস্তাবনা তথ্যানুযায়ী, প্রকল্পের আওতায় নদীর তীর প্রতিরক্ষা কাজ : ২.৭৫০ কিলোমিটার। সতকর্তামূলক তীর প্রতিরক্ষা: ৮.৩১০ কিলোমিটার, নদীর তীর প্রতিরক্ষা কাজ পুনর্বাসন: ৩.৭১০ কিলোমিটার এবং নির্মাণকালীন পওর : ১৪.৭৭০ কিলোমিটার। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি : এই কাজগুলো শেষ হলে প্রায় চার লাখ ৬৭ হাজার ৩৫০ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষা পাবে এবং রাজশাহী-চারঘাট-বাঘা-হার্ডিঞ্জ ব্রিজ-পাবনা আঞ্চলিক মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও ফসলি জমি ভাঙনের কবল থেকে বাঁচবে।
কিলোমিটারে ব্যয়ের হিসাব : কোথায় কত ফারাক?
প্রকল্প দলিলের হিসাব তথ্য থেকে জানা গেছে, একটি অবকাঠামো প্রকল্পে সবচেয়ে বড় নজর থাকে প্রতি কিলোমিটার বা প্রতি মিটার কাজের একক দরের দিকে। পরিকল্পনা কমিশনের পর্যালোচনা বলছে, আইটেমভিত্তিক ব্যয় প্রাক্কলন এবং সমজাতীয় প্রকল্পের তুলনামূলক বিবরণ ঘাঁটলে ব্যয়ের পার্থক্যের একটি স্পষ্ট চিত্র সামনে আসে।
ব্লক ও জিও ব্যাগ দ্বারা নদীর তীর সংরক্ষণ
(১ জুলাই ২০২৬ ভিত্তিক বাপাউবো উত্তর-পশ্চিমাঞ্চল, রাজশাহীর সিডিউল অব রেটস অনুযায়ী) ব্লক ও জিও ব্যাগ দ্বারা ২.৭৫০ কিলোমিটার নদীর তীর সংরক্ষণের (অতিরিক্ত ১৭১.২২ মিটার অ্যান্ড টার্মিনেশনসহ) একক দর দেখানো হয়েছে মিটারপ্রতি ১০.৩৮ লাখ টাকা। সেই হিসেবে প্রতি কিলোমিটারে এই কাজের দর দাঁড়ায় ১০৩.৮০ কোটি টাকা।
অন্য দিকে প্রস্তাবিত প্রকল্পের এই খাতের একক দর দেখানো হয়েছে মিটারপ্রতি ৯.৭৭ লাখ টাকা (অর্থাৎ কিলোমিটারপ্রতি ৯৭.৭০ কোটি টাকা)। অথচ সমজাতীয় চলমান প্রকল্পে এই দর মিটারপ্রতি ৭.১৯৮ লাখ টাকা (কিলোমিটারপ্রতি ৭১.৯৮ কোটি টাকা) এবং সমজাতীয় সমাপ্ত প্রকল্পগুলোতে দর ছিল মিটারপ্রতি ৪.২৩৯ লাখ টাকা ও ৪.৪১৩ লাখ টাকা (অর্থাৎ কিলোমিটারপ্রতি যথাক্রমে ৪২.৩৯ কোটি টাকা ও ৪৪.১৩ কোটি টাকা)। এখানে তুলনা করলে দেখা যায়, তুলনামূলক ছকের প্রস্তাবিত মিটারপ্রতি ৯.৭৭ লাখ টাকা দর সমজাতীয় চলমান প্রকল্পের (৭.১৯৮ লাখ টাকা) চেয়ে মিটারে ২.৫৭২ লাখ টাকা বা কিলোমিটারে ২৫.৭২ কোটি টাকা বেশি। আর সমাপ্ত প্রকল্পগুলোর (৪.২৩৯ ও ৪.৪১৩ লাখ টাকা) তুলনায় কিলোমিটারে এই ফারাক আরও অনেক বড়- প্রায় ৫৩.৫৭ কোটি থেকে ৫৫.৩১ কোটি টাকা পর্যন্ত। এমনকি মিটারপ্রতি ১০.৩৮ লাখ টাকার (কিলোমিটারে ১০৩.৮০ কোটি টাকা) হিসাব ধরলে ব্যয়ের ব্যবধান আরো প্রকট হয়।
জিও ব্যাগ দ্বারা সতর্কতামূলক নদীর তীর প্রতিরক্ষা : প্রস্তাবিত প্রকল্পে ৮.৩১০ কিলোমিটার প্রিকশনারি তীর প্রতিরক্ষার ক্ষেত্রে ধরা হয়েছে মিটারপ্রতি ১.৫৪ লাখ টাকা বা কিলোমিটারে ১৫.৪০ কোটি টাকা। আর অন্য ছকে দেখানো হয়েছে মিটারপ্রতি ১.৫৬ লাখ টাকা বা কিলোমিটারে ১৫.৬০ কোটি টাকা। যদিও এই খাতে সমজাতীয় চলমান বা সমাপ্ত প্রকল্পের পৃথক অঙ্ক তুলনামূলক ছকে শূন্য বা ফাঁকা রাখা হয়েছে। তবুও ৮.৩১০ কিলোমিটার দীর্ঘ এই কাজের জন্য কিলোমিটারে ১৫.৪০ থেকে ১৫.৬০ কোটি টাকার হার মোট বাজেটে বড় অঙ্কের চাপ তৈরি করেছে।
নদীর তীর সংরক্ষণ কাজ পুনর্বাসন : সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে পুনর্বাসন খাত। ৩.৭১০ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ পুনর্বাসনে দর ধরা হয়েছে মিটারপ্রতি ৮.৭২ লাখ টাকা বা কিলোমিটারে ৮৭.২০ কোটি টাকা। আর অন্য ছকে দেখানো হয়েছে মিটারপ্রতি ৮.৬১ লাখ টাকা বা কিলোমিটারে ৮৬.১০ কোটি টাকা। এর বিপরীতে সমজাতীয় চলমান প্রকল্পে এই হার মিটারপ্রতি ৪.৭১ লাখ টাকা বা কিলোমিটারে ৪৭.১০ কোটি টাকা। সমজাতীয় সমাপ্ত প্রকল্পে মিটারপ্রতি ৩.০৩১ লাখ টাকা বা কিলোমিটারে ৩০.৩১ কোটি টাকা।
হিসাব বলছে, তুলনামূলক ছকের প্রস্তাবিত ৮.৬১ লাখ টাকা হারে পুনর্বাসন কাজে কিলোমিটারপ্রতি ব্যয় দাঁড়াচ্ছে ৮৬.১০ কোটি টাকা, যা চলমান প্রকল্পের (৪৭.১০ কোটি টাকা) চেয়ে কিলোমিটারে ৩৯ কোটি টাকা এবং সমাপ্ত প্রকল্পের (৩০.৩১ কোটি টাকা) চেয়ে কিলোমিটারে ৫৫.৭৯ কোটি টাকা বেশি। একটি পুরনো প্রতিরক্ষা কাজ নতুন করে ‘পুনর্বাসন’-এর নামে কিলোমিটারে ৮৬ কোটির বেশি টাকা খরচ করার যৌক্তিকতা নিয়ে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
কমিশনের কড়া নজর ও কাঠামোগত প্রশ্ন
গত ২৬ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত পিইসি সভার সিদ্ধান্তের পর প্রকল্প ব্যয় ১৫৩.৬৪১৪ কোটি টাকা কমিয়ে সংশোধিত ডিপিপি পাঠানো হয়েছে। পুনঃপ্রাক্কলনে নদীর তীর প্রতিরক্ষা পুনর্বাসনের পরিমাণ আগের তুলনায় ০.৮২৭ কিলোমিটার এবং ব্যয় কিলোমিটারপ্রতি ১৫.৩১ কোটি টাকা কমানো হলেও পরিকল্পনা কমিশন এখানেই থামছে না। কমিশনের মতামতে স্পষ্ট বলছে, স্থায়ী নদীর তীর প্রতিরক্ষা (১০৩.৫৭ কোটি) এবং পূর্ব সতর্কতামূলক বা প্রিকশনারি তীর প্রতিরক্ষা কাজের (১৫.৩৭ কোটি) কিলোমিটারপ্রতি একক ব্যয় আরো কমানো যায় কি না- তা নতুন করে যাচাই করা দরকার। পাশাপাশি যে অংশগুলো পুনর্বাসন করার কথা বলা হচ্ছে, সেগুলোর মূল কাজ কবে বা কোন সালে হয়েছিল এবং কেন অল্পসময়ের ব্যবধানে আবার পুনর্বাসনের প্রয়োজন পড়ল- তার স্পষ্ট ব্যাখ্যা পুনর্গঠিত ডিপিপিতে যুক্ত করার তাগিদ দেয়া হয়েছে। ক্রয় প্রক্রিয়ায় ছোট, মাঝারি ও বড় ঠিকাদারের অংশগ্রহণ নিশ্চিত করতে প্যাকেজ বিভাজন এবং কাজ শুরুর আগে পরিবেশগত ছাড়পত্র নেয়ার শর্তও জুড়ে দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









