ডিআইইউর সাথে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
ads


শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক এক বিশেষ আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকটির তরুণদের সম্পৃক্ত করার বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকার ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম এবং সাবেক প্রোভিসি অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। তারা তরুণদের বিকাশ, উচ্চশিক্ষা এবং কর্মজীবনের সম্ভাবনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে প্রাইম ব্যাংক পিএলসি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন শায়লা আবেদিন। তিনি নিজের পেশাগত অভিজ্ঞতার আলোকে ব্যাংকিং ও আর্থিক খাতে নারীর নেতৃত্ব, নৈতিকতা এবং কর্মজীবনের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, নিজেদের সক্ষমতা চিহ্নিত করা এবং পরিবর্তিত চাকরির বাজারের সাথে খাপ খাইয়ে নেয়ার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি।