পবায় প্রথমবারের মতো গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু
ads

রাজশাহী ব্যুরো
গ্রামীণ সড়কে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রাম পুলিশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় শুরু হয়েছে ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’। দেশে প্রথমবারের মতো শুরু হওয়া এ কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নে ১৬ হাজার গাছ লাগানো হবে। এর একটি অংশের পরিচর্যার দায়িত্ব পালন করবেন গ্রাম পুলিশ সদস্যরা। গাছ বড় হয়ে অর্থকরী সম্পদে পরিণত হলে তা থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ। বাকি ৫০ শতাংশ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে।
রোববার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। পরে তিনি উপজেলার হড়গ্রাম ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইবনুল আবেদীন। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় মেহগনি ও নিমসহ বিভিন্ন কাঠজাতীয় গাছ নির্বাচন করা হয়েছে। পাশাপাশি স্বল্পমেয়াদি আয়ের সুযোগ তৈরিতে বিভিন্ন স্থানে খেজুরগাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এসব গাছ বড় হলে রস ও গুড় উৎপাদনের মৌসুমে ইজারা দিয়ে আয় করা সম্ভব হবে।
ইউএনও জানান, উপজেলার আটটি ইউনিয়নে আটটি গ্রাম পুলিশ সড়ক প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক বনায়নের আওতায় ১৬ হাজার গাছ লাগানো হবে। 
সরকারের পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে পবায় এক বছরের মধ্যেই নির্ধারিত লক্ষ্য পূরণের আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তা, গ্রাম পুলিশ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।