
দেশজুড়ে স্বপ্নের আউটলেট সম্প্রসারণে সহযোগিতা করবে এসিআই প্রপার্টিজ লিমিটেড। নতুন আউটলেটের জন্য উপযুক্ত জায়গা খুঁজে দিতে সুপারশপ চেইনটির সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠানটি। এই সমঝোতার আওতায় স্বপ্নের চাহিদা অনুযায়ী বাণিজ্যিক জায়গা খুঁজে দেয়া এবং তা ভাড়া বা কেনার প্রক্রিয়ায় সহযোগিতা করবে এসিআই প্রপার্টিজ। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় নতুন আউটলেট চালুর পরিকল্পনা এগিয়ে নেয়া স্বপ্নের জন্য আরো সহজ হবে। দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়েছে। দেশে স্বপ্নের আউটলেটের সংখ্যা এখন ১,২৪১টি। দেশজুড়ে এই উপস্থিতি আরো বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। নতুন আউটলেটের জন্য উপযুক্ত জায়গা খুঁজে দেয়ার অভিজ্ঞতা দিয়ে এই উদ্যোগে পাশে থাকবে এসিআই প্রপার্টিজ। অনুষ্ঠানে স্বপ্নের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবসা সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান হিল্লোল মাশরেকী। এসিআই প্রপার্টিজের পক্ষে উপস্থিত ছিলেন করপোরেট বিটুবি বিভাগের ইনচার্জ মিয়া খায়রুদ্দিন, রাজীব রায়, মেহেদী হাসান হিমু ও শহীদ উন নবী। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









