কালিগঞ্জে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত
ads

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্র মারা গেছেন। এ সময় তাদের উদ্ধার করতে যেয়ে একজন গুরুতর অসুস্থ হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং মনিরুজ্জামান পাড়ের ছেলে স্কুলছাত্র আরাফাত পাড় (১৬)। আহত হয়েছেন বরেয়া গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে গোলাম হোসেন (৩০)।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামের হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন সেফটি ট্যাংকের ছাদের সেনটারিং খুলতে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। কয়েক দিন আগে নির্মিত ওই বদ্ধ ট্যাংকে নেমেই অক্সিজেন স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় তিনি অজ্ঞান হয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মহানন্দ সরকারকে উদ্ধার করতে ওই সেপটিক ট্যাংকে নামেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন। পরে মহানন্দ সরকার ও আরাফাত হোসেন ঘটনাস্থলে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।