আ’লীগের তৎপরতা রোধে রাজধানীতে এনসিপির মোটরসাইকেল মিছিল
ads

 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও নাশকতা মোকাবেলায় রাজধানীতে মোটরসাইকেল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল  মঙ্গলবার পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলের আয়োজন করে দলটি। এদিন দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে আগারগাঁও, শেওড়াপাড়া ও কাজীপাড়া হয়ে মিরপুর-১০ নম্বরে গিয়ে কর্মসূচি শেষ হয়। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ে এবং কয়েকটি এলাকায় যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচির শুরুতে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের অংশ। তাদের মাধ্যমে এ সন্ত্রাস আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের নজির দেখা গেছে।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের আগুন-সন্ত্রাসে ভারতের সরাসরি ইন্ধন রয়েছে। ভারতে অবস্থান করে এবং দেশটির ভূখণ্ড ব্যবহার করে প্রশিক্ষণ নিয়ে আওয়ামী লীগের লোকজন বাংলাদেশে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। পরে আবার সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাচ্ছে।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উনি কি মেহমান নাকি যে উনার জন্য বিমান পাঠাতে হবে? উনি বলত না সারা জীবন যে, আমরা পালিয়ে যাব না। পালিয়ে যাব না বলে যে চলে যায়, পালিয়ে যায়, সে আসি আসি বলেও আসবে না।’
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টই আওয়ামী লীগের ফয়সালা হয়ে গেছে। এখন দলটির কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে তাদের রাজনৈতিক পুনর্বাসনের সম্ভাবনা তো দূরের কথা, বরং তারা যে ফ্যাসিবাদী ও গণবিমুখ শক্তি, তা বারবার প্রমাণিত হচ্ছে।