
নিজস্ব প্রতিবেদক
ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর চিকিৎসা শুরু করার পরিবর্তে রোগটি হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন, ডায়াবেটিসে সৃষ্ট কিডনি, লিভার, হৃদযন্ত্র ও অন্যান্য অঙ্গের জটিলতা অনেকাংশে রোধ করা সম্ভব। কিন্তু অসচেতনতা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভাবে অনেকেই রোগটি সম্পর্কে জানতেই পারেন না। ফলে নীরবে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে থাকে। বিশেষজ্ঞরা জানান, প্রতি ১০০ জন ডায়াবেটিস আক্রান্ত মানুষের মধ্যে ৪৩ জনই জানেন না যে, তাদের ডায়াবেটিস রয়েছে। এই ৪৩ শতাংশের মধ্যে ৬৭ শতাংশ নারী। গ্রামাঞ্চলেও ডায়াবেটিসের বিস্তার বাড়ছে। এ পরিস্থিতিতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি এবং ইনসুলিনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছেন তারা।
গতকাল রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত আলোচনায় ডায়াবেটোলজিস্টরা কথা বলেন। ২০২৫ সালের ডায়াবেটিস এটলাস অনুযায়ী, বাংলাদেশে ২০-৭৯ বছর বয়সী আনুমানিক এক কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। প্রায় ৫৪ লাখ মানুষ নিজের অজান্তেই এই রোগ বহন করছেন। এটি শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয়, বরং বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনডিএফের জেনারেলে সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার মাহমুদা আলম মিতু এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ। উপস্থিত ছিলেন এনডিএফের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. সাজিদ আব্দুল খালেক।
ডায়াবেটিসকে নীরব ঘাতক উল্লেখ করে অধ্যাপক ডা. জি এম মগবুল হোসেন বলেন, এ রোগ মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গকে প্রভাবিত করে। কেউই এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত নন। বিশেষ করে পায়ের অনুভূতি নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকে জুতা বা স্যান্ডেল খুলে গেলেও বুঝতে পারেন না।
অধ্যাপক ডা. আব্দুল মুকিত বলেন, ডায়াবেটিসের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে কয়েক বছরের মধ্যেই কিডনির ক্ষতি শুরু হতে পারে। কিন্তু অধিকাংশ রোগী প্রাথমিক পর্যায়ে তা বুঝতে পারেন না। কিডনির সূক্ষ্ম পর্দা পুরু হয়ে যাওয়ার ফলে প্রস্রাবের সাথে অ্যালবুমিন বের হতে শুরু করে। একপর্যায়ে তা গুরুতর পর্যায়ে পৌঁছায়। তখন কিডনি সম্পূর্ণ সুস্থ করার চিকিৎসার সুযোগ সীমিত হয়ে পড়ে।
ডায়াবেটিস প্রতিরোধে সরকারি উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এমপি বলেন, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যা ছাড়াও মানসিক চাপ মানুষের শরীরের বিভিন্ন ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অনেক রোগী আর্থিক সঙ্কটের কারণে নিয়মিত ওষুধ গ্রহণ করতে পারেন না। বিশেষ করে ইনসুলিনের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম বলেন, ডায়াবেটিসের সাথে ফ্যাটি লিভার ও লিভার ফাইব্রোসিসের সম্পর্ক রয়েছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস লিভারের ক্ষতির ঝুঁকি বাড়ায়।
অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোকাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুর জাহান বানু উর্মি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









