স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ
ads

নিজস্ব প্রতিবেদক 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করেছেন কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ।  মন্ত্রণালয়ের এক জনসংযোগ কর্মকর্তা জানান, সাক্ষাতে তারা অনিয়মিত অভিবাসন রোধ, নিরাপদ ও নিয়মিত অভিবাসন উৎসাহিতকরণ, দক্ষ জনশক্তি রফতানি, সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা, যৌথ বিনিয়োগ এবং রোহিঙ্গা সঙ্কট সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডা দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। বিপরীতে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার বলেন, বর্তমানে তারা অভিবাসননীতিতে ভারসাম্য আনলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। সে লক্ষ্যে বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য কানাডার ভিসাপ্রক্রিয়া আরো দ্রুততর ও সহজতর করা হবে।  স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ জনশক্তি নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, নার্সিং, মেডিক্যাল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট এবং হসপিটালিটি খাতে বাংলাদেশের বিপুল প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে বাংলাদেশে তাদের নিজস্ব প্রশিক্ষক পাঠিয়ে কিংবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি স্থাপনের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে নিতে পারে। 
ওয়েলডন এপ বিষয়টিকে ইতিবাচক হিসেবে অভিহিত করে জানান, কানাডার অর্থনীতিতে নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ শ্রমশক্তির চাহিদা রয়েছে। 
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের জন্য রিভার ও কোস্ট পেট্রোল বোট, পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম ক্রয় ও সংগ্রহের ক্ষেত্রে সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহের কথা জানান। 
রোহিঙ্গা সঙ্কট প্রসঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার বলেন, অভিবাসনসংখ্যা সীমিত করা সত্ত্বেও কানাডা বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সংখ্যা বৃদ্ধি করেছে এবং আঞ্চলিক রাষ্ট্র বিশেষ করে আসিয়ান দেশগুলোকে এ বিষয়ে আরো সক্রিয় ভূমিকা পালনের জন্য কাজ করে যাচ্ছে। 
স্বরাষ্ট্রমন্ত্রী বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরো বাড়ানো প্রয়োজন, যাতে রোহিঙ্গারা নাগরিকত্ব, নিরাপদ ভূমি ও জীবিকার নিশ্চয়তাসহ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে। এ ছাড়া মিয়ানমারকেন্দ্রিক সাইবার স্ক্যাম, মাদক ও মানবপাচারকে একটি গুরুতর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি হিসেবে অভিহিত করে মন্ত্রী তা মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।