বাংলাদেশের সঙ্কট ও উত্তরণ নিয়ে সিএনসির একক বক্তৃতা
ads


সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) আয়োজিত ‘বাংলাদেশের সঙ্কট ও উত্তরণের উপায়’ শীর্ষক একক বক্তৃতা গত সোমবার বিকেলে রাজধানীর হাতিরপুলে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও একক বক্তা ছিলেন লন্ডনপ্রবাসী বিশিষ্ট চিকিৎসক, বুদ্ধিজীবী, লেখক ও গবেষক ডা. ফিরোজ মাহবুব কামাল।
বক্তৃতায় তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রধান সঙ্কট হলো পবিত্র কুরআন থেকে দূরে সরে যাওয়া। মুসলমানরা কুরআন অধ্যয়ন, অনুধাবন ও চর্চা থেকে দূরে সরে যাওয়ায় সমাজে হতাশা, বিভেদ ও হানাহানি বাড়ছে। মুসলিম হিসেবে দায়িত্ব পালনের আগেও মানুষ হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। অথচ আমরা সেই দায়িত্ব থেকেও অনেক দূরে রয়েছি।
ডা. ফিরোজ মাহবুব কামাল বলেন, বাংলাদেশের আরেকটি বড় সঙ্কট হলো ন্যায়-অন্যায়ের বোধ হারিয়ে ফেলা। পবিত্র কুরআনে ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু আমরা এর বিপরীত কাজ করছি। অন্যায়কে প্রতিষ্ঠা করছি, ন্যায়কে দূরে ঠেলে দিচ্ছি। এভাবে কোনো দেশের উন্নতি ও কল্যাণ সম্ভব নয়।
তিনি বলেন, দেশের মানুষ সৎ হলে শাসক শ্রেণীও সৎ হতে বাধ্য হবে। জনগণ দুর্নীতিকে প্রশ্রয় না দিলে শাসকদেরও দুর্নীতি করার সুযোগ থাকবে না। মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটলে দেশের ওপর মহান আল্লাহর রহমত বর্ষিত হবে এবং সঙ্কট থেকে উত্তরণের পথ তৈরি হবে।
বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছড়াকার মামুন সারওয়ার, লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী, কবি তাজ ইসলাম, কবি ও ছড়াকার আলতাফ হোসেন রানা, প্রকৌশলী আবু সালেহ মুনির আহমেদ, আতিয়া ইসলাম, বিলকিস আক্তার, ডা. এম এ রহমান ও এস এ হান্নান প্রমুখ। সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হকের পরিচালনায় এবং ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির পরিচালক পরিষদের সদস্য, শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।