
এএফপি
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে তীব্র খরা, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রায় রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কা- এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে নানা ধরনের প্রাকৃতিক ও অর্থনৈতিক ঝুঁকি। এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়া। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার স্বাভাবিক ধরন বদলে যায়। মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে।
চলতি বছরের এল নিনো ডিসেম্বরের শেষ দিকে সবচেয়ে শক্তিশালী অবস্থায় পৌঁছাতে পারে এবং আগামী বছরের মে মাস পর্যন্ত এর প্রভাব অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) আধুনিক রেকর্ডে এটিই সবচেয়ে শক্তিশালী এল নিনো হওয়ার সম্ভাবনা কিছুটা কমিয়ে এনেছে। এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কমে যাওয়ায় ফিজি ও টোঙ্গায় তীব্র খরা দেখা দিয়েছে। সাধারণত এসব দ্বীপে নিয়মিত বৃষ্টিপাতের কারণে চারপাশ সবুজ ও সজীব থাকে। কিন্তু এবার দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে। ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা বলেছেন, ‘ফিজির বিভিন্ন এলাকার পরিবারগুলো পানির প্রাপ্যতা এবং দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার কারণে দৈনন্দিন জীবনে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বিগ্ন।’
পরিস্থিতি মোকাবেলায় জরুরি ব্যবস্থা নেয়ার ক্ষমতা পেয়েছে দেশটির সরকার। এর আওতায় পানির ব্যবহার সীমিত করা, প্রয়োজন হলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া এবং দুর্যোগ মোকাবেলায় সরকারি তহবিল পুনর্বণ্টন করা যাবে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পানির সঙ্কটে থাকা গ্রামগুলোতে নতুন করে পানি সরবরাহ করতে ইতোমধ্যে বিপুলসংখ্যক পানিবাহী ট্রাক পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে বুধবার অস্বাভাবিক উচ্চতার জোয়ারের আশঙ্কা করা হচ্ছে। এতে শহরের বিভিন্ন এলাকা এবং বিমানবন্দর প্লাবিত হতে পারে। একই দিন থেকে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিও শুরু হচ্ছে। এবারের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে কয়েকটি কারণে। বছরের সবচেয়ে উচ্চ জোয়ারের প্রাকৃতিক পরিস্থিতি, একটি আসন্ন ঝড় এবং এল নিনোর প্রভাব- সব মিলিয়ে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের পানি উষ্ণ হয়ে প্রসারিত হচ্ছে। এর সাথে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির তাপীয় প্রসারণ যুক্ত হয়ে জোয়ারের উচ্চতা আরো বাড়িয়ে দিচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









