
টি-টোয়েন্টিতে ১৮৫ রানের লক্ষ্য তাড়া এখন আর নতুন কিছু নয়। তবে ইংল্যান্ড আজ যেভাবে জয় পেল, তা বিস্ময়করই বলা যায়। অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনো করে ৪১ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে সফরকারীরা।
কারারায় মঙ্গলবার (২৪ নভেম্বর) আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮৪ রান তোলে স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে ডোনাল্ডের ৩২ বলে ৮৫ ও সল্টের ৩০ বলে ৫৮ রানের ইনিংসে মাত্র ১৩.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ৫ ম্যাচের সিরিজে এতে ১-১ সমতা ফিরেছে।
ব্যাট হাতে ঝড় তুলেছেন অ্যানিউরিন ডোনাল্ড ও ফিল সল্ট। তাদের উদ্বোধনী জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ইংলিশ ওপেনার। অস্ট্রেলিয়ার বোলারদের কোনো সুযোগই দেননি তারা।
মাত্র ১০.১ ওভারে ১৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন ডোনাল্ড ও সল্ট। ১৮ বলে ফিফটি পূর্ণ করেন ডোনাল্ড, শেষ পর্যন্ত ৯ ছক্কা ও ৪ চারে করেন ৩২ বলে ৮৫ রান। তার রীতিমতো অসহায় হয়ে পড়ে অস্ট্রেলিয়া।
অন্য প্রান্তে সমান তালে রান তুলেছেন সল্টও। ৩০ বলে ৫৮ রানের ইনিংসে ছিল একাধিক চার-ছক্কার মার। ডোনাল্ডের বিদায়ের পর স্কোরবোর্ডে আরো ৭ রান যোগ হতেই আউট হন সল্ট। তবে ততক্ষণে জয়ের ভিত গড়ে দিয়েছে ইংল্যান্ড।
অধিনায়ক হ্যারি ব্রুক ৯ বলে ১০ এবং টম বেন্টন ৮ বলে ২৬ রান করে বাকি কাজ সারেন।
এর আগে, অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালোই ছিল। মিচেল মার্শ (১৫) পরপর দু’টি ছক্কা হাঁকিয়ে বড় সংগ্রহের আভাস দিয়েছিলেন। কিন্তু পরের বলেই হেনরি ক্রোকম্বের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ১৩ বলে ২৭ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। স্যাম হার্পার ও টিম ডেভিড দ্রুত রান আউট হয় ফেরেন। একপর্যায়ে ৪ উইকেটে ৫৮ রানে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
সেখান থেকে জোয়েল ডেভিসের ২৫ বলে ৩৯ ও নিখিল চৌধুরীর ৩৫ বলে ৪৫ রানে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ দিকে বেন ডোয়ারশুইসের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮৪ রানে পৌঁছায় স্বাগতিকেরা।
শেষ ওভারে টানা তিনটি ছক্কা হাঁকান তিনি। ৪ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন ডোয়ারশুইস। তবে সেই সংগ্রহ ইংল্যান্ডের ব্যাটিং ঝড়ের সামনে যথেষ্ট হয়নি।
দুই দলের প্রথম টি-টোয়েন্টিতে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। শুক্রবার গ্যাবায় হবে তৃতীয় ম্যাচ। সেখানে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ স্বাগতিকদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









