আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১
ads

 গালফ নিউজ
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ অঞ্চলে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার আল ওয়াতান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। অ্যাম্বুলেন্স দল, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা উদ্ধার তৎপরতায় যুক্ত হন। সে সময় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা দেয়ার পাশাপাশি ঘটনাস্থল নিরাপদ রাখা এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ করা হয়। কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তদন্ত কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসাথে দুর্ঘটনা ঘিরে গুজব কিংবা যাচাইবিহীন তথ্য প্রচার না করতে বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। যেকোনো তথ্য সরকারি সূত্র থেকে নিশ্চিত হওয়ার পরামর্শও দেয়া হয়েছে। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দু’টি সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছিলেন। ওই ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ১০ জন আমিরাতি ও চারজন ভারতীয় নাগরিক ছিলেন। প্রাথমিক তদন্তের বরাতে জানা গিয়েছিল, প্রথমে একটি গাড়ি থেমে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এরপর দু’টি শিপিং কনটেইনার বহনকারী একটি ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায়। ওই দুর্ঘটনায় মোট ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছিল।