
আলজাজিরা
ইসরাইলের সামরিক অভিযানে গাজা উপত্যকাজুড়ে ব্যাপক পরিবেশদূষণ ছড়িয়েছে। বিষাক্ত পানি, দূষিত মাটি ও বাতাসের কারণে ফিলিস্তিনিদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় পরিবেশব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এর প্রভাব কয়েক দশক ধরে থাকতে পারে বলে সতর্ক করেছে অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিওবস)।
সংস্থা দু’টির রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলের হামলায় গাজাজুড়ে ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ, ধ্বংস হওয়া ভবনের অ্যাসবেস্টস ও পয়ঃনিষ্কাশনের বর্জ্য ছড়িয়ে পড়েছে। এতে বাতাস, মাটি ও পানি বিপজ্জনক হয়ে উঠেছে। অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, গাজায় ইসরাইলের চলমান সামরিক অভিযান পরিবেশের ওপরও আঘাত হানছে। এর ফলে পরিবেশগত যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে, যার প্রভাব বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকিতে ফেলছে। তিনি বলেন, গাজার পরিবেশ ধ্বংস ও দূষণের ফলে মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশগত পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের অধীনে ইসরাইলের আইনি বাধ্যবাধকতাও লঙ্ঘিত হচ্ছে।
রিপোর্টে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিরা বাতাস, খাবার, পানি এবং দূষিত মাটি ও ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শের মাধ্যমে বিষাক্ত পদার্থের ঝুঁকিতে রয়েছেন। দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগ না নিলে এই ঝুঁকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে। জাতিসঙ্ঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব অনুযায়ী, ইসরাইলের সামরিক অভিযানে গাজাজুড়ে ছয় কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। ধ্বংস হওয়া বাড়িঘর, আবাসিক এলাকা ও অবকাঠামো সম্ভাব্য বিপজ্জনক উপাদানের বিশাল ভাণ্ডারে পরিণত হয়েছে।
স্যাটেলাইট চিত্র, রিমোট সেন্সিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উন্মুক্ত তথ্য-উপাত্ত ব্যবহার করে তৈরি রিপোর্টে বলা হয়েছে, গাজায় দূষণ ব্যাপক, তীব্র এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। অক্সফামের বৈশ্বিক পানি ও পয়ঃনিষ্কাশন বিশেষজ্ঞ এবং প্রতিবেদনটির লেখক লামা আবদুল সামাদ বলেন, শহরের ধ্বংসস্তূপ, কৃষিজমি, পানিব্যবস্থা ও মাটিজুড়ে দূষণ ছড়িয়ে পড়ায় পরিবেশগত ক্ষতি মোকাবেলা করা অত্যন্ত কঠিন হবে। অবিস্ফোরিত গোলাবারুদের কারণে বেশির ভাগ এলাকায় নিরাপদে প্রবেশও সম্ভব হচ্ছে না।
অমিতাভ বেহার বলেন, গাজার পয়ঃনিষ্কাশনব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় মানুষ দূষণ থেকে নিজেদের রক্ষার সুযোগ হারিয়েছে। অপরিশোধিত পয়ঃবর্জ্য সাগরে গিয়ে পড়ছে এবং মাটির নিচেও ছড়িয়ে পড়ছে। এর ফলে পোকামাকড় ও রোগের ঝুঁকি বাড়ছে। শিশু ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। রিপোর্টে আরো বলা হয়েছে, ইসরাইলের হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত এক লাখ ৭৫ হাজার আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।
২০২৫ সালে এবং চলতি বছরের শুরুর দিকে জাতিসঙ্ঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে। কমিশন জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তারা এসব কর্মকাণ্ডে উসকানি দিয়েছেন। তবে জেনেভায় ইসরাইলি মিশন কমিশনের প্রতিবেদনকে ‘মানহানিকর ভাঁওতা’ বলে প্রত্যাখ্যান করেছে। পৃথকভাবে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
‘ইয়েলো লাইন’ আরো সম্প্রসারণ হচ্ছে
মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের ভেতরেও তাদের তথাকথিত ‘ইয়েলো লাইন’ সম্প্রসারণ করছে ইসরাইলি বাহিনী। একই সাথে শিবিরের বিভিন্ন আবাসিক এলাকায় প্রায় প্রতিদিনই বোমা হামলা, বিস্ফোরণ ও বাড়িঘর ধ্বংসের ঘটনা ঘটছে। ইসরাইলি বাহিনীর অগ্রযাত্রায় শিবিরটির প্রায় ৪৫ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। ফলে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন। অনেকে প্রাণভয়ে রাতের বেলায় বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।
মাগাজি পৌরসভার প্রধান মোহাম্মদ মুসালেহ রোববার লন্ডন থেকে প্রকাশিত আলআরব আলজাদিদ বা দ্য নিউ আরবকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ইয়েলো লাইন’ সম্প্রসারণের অংশ হিসেবে ইসরাইলি দখলদার বাহিনী শিবিরের ভেতরে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা বাড়িয়েছে। বর্তমানে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা এলাকা এবং শিবিরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ধ্বংস করে দেয়া এলাকাগুলো মিলিয়ে মোট আয়তনের প্রায় ৪৫ শতাংশ দখল ও ধ্বংসের আওতায় রয়েছে। এক বছরেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সময় এ পরিমাণ ছিল প্রায় ২০ শতাংশ।
মুসালেহ জানান, ইসরাইলি বাহিনী শিবিরের ভেতরে প্রায় এক হাজার ৬০০ মিটার অগ্রসর হয়েছে। পূর্বাঞ্চল পেরিয়ে তারা এখন প্রিপারেটরি স্কুলগুলোর কাছাকাছি পৌঁছে গেছে। এর ফলে বাহিনীটি শিবিরের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থান করছে। এই অগ্রযাত্রার পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। বাড়িঘর ধ্বংসে ইসরাইলি বাহিনী নতুন কৌশল ব্যবহার করছে বলেও জানান মাগাজি পৌরসভার প্রধান। তিনি বলেন, রাতের বেলায় বাড়ির ওপর বিস্ফোরকভর্তি বাক্স ফেলে সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এতে লক্ষ্যবস্তু বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হওয়ার পাশাপাশি আশপাশের ভবনগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









