রোহিঙ্গা প্রত্যাবাসনে জান্তা সরকারের সাথে শুধু চুক্তি করে সমাধান অসম্ভব
ads

 নূরুল মোস্তফা কাজী চট্টগ্রাম 
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৯ নভেম্বর ২০২৬-এর ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে রাষ্ট্র হিসেবে দায়বদ্ধ করার পর নতুন করে আলোচনায় এসেছে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের প্রশ্ন। তবে রোহিঙ্গাদের যেখান থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছিল, সেই রাখাইন রাজ্যের বর্তমান বাস্তবতা প্রত্যাবাসনের পথকে আরো জটিল করে তুলেছে। কারণ রাজ্যটির বড় অংশ এখন মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সেখানে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি (এএ)। ফলে শুধু মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তি করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করছেন গবেষক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, আইসিজের রায় বাস্তবায়নে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ, আসিয়ান ও চীনকে সম্পৃক্ত করে বহুপক্ষীয় কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
বিশ্লেষকদের মতে, আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার, পরিচয় ও প্রত্যাবাসনের দাবিকে শক্তিশালী করেছে। একই সাথে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে আদালতের রায় থাকলেই প্রত্যাবাসন শুরু হবে, এমন ধারণার সুযোগ নেই। রাখাইনের রাজনৈতিক ও সামরিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।
রাষ্ট্রকে দায়বদ্ধ করার ঐতিহাসিক রায়
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. আবদুল্লাহ আল ইউসুফ নয়া দিগন্তকে বলেন, আইসিজের রায়টি ঐতিহাসিক। বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যা কনভেনশনের আওতায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে রাষ্ট্র হিসেবে দায়বদ্ধ করা হয়েছে। অতীতে ব্যক্তি বা সশস্ত্রবাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলেও এবার পুরো রাষ্ট্রকে দায়বদ্ধতার আওতায় আনা হয়েছে।
তার মতে, এ রায়ের ফলে মিয়ানমারের সাথে বিভিন্ন দেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন অস্বস্তি সৃষ্টি হবে। আসিয়ানভুক্ত দেশগুলো প্রকাশ্যে মিয়ানমার সরকারের সাথে সহযোগিতায় আগ্রহী না-ও হতে পারে। তবে পর্দার আড়ালে যোগাযোগ অব্যাহত থাকতে পারে। কারণ গণহত্যার অভিযোগে অভিযুক্ত একটি রাষ্ট্রকে প্রকাশ্যে সহযোগিতা করার রাজনৈতিক ও নৈতিক দায় কোনো দেশই সহজে নিতে চাইবে না।
তিনি মনে করেন, এ রায়ের ফলে মিয়ানমার আন্তর্জাতিক ভূরাজনীতিতে এক ধরনের বিচ্ছিন্নতার মুখে পড়বে। বিদেশী বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও দেশটি চাপের মুখে পড়তে পারে। এটি মিয়ানমারের ওপর গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে।
আরাকান আর্মির সাথে সম্পর্কের প্রশ্ন
রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় জটিলতা সৃষ্টি হয়েছে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে। অতীতে বুথিডং ও মংডু অঞ্চলে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, জোরপূর্বক শ্রম আদায়, চলাচলে বিধিনিষেধ এবং বাস্তুচ্যুত করার গুরুতর অভিযোগ উঠেছিল। তবে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের সাথে সম্পর্ক উন্নয়নে আরাকান আর্মির কিছু তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। এমনকি মসজিদ নির্মাণে সহযোগিতার তথ্যও সামনে এসেছে।
বিশ্লেষকদের মতে, রাখাইনে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী শক্তি হিসেবে আরাকান আর্মিকে উপেক্ষা করে কোনো প্রত্যাবাসন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে তাদের বিরুদ্ধে অতীতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উপেক্ষা করা যাবে না। রোহিঙ্গাদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, ধর্মীয় অধিকার ও সম্পত্তির সুরক্ষার বিষয়ে আরাকান আর্মির সুস্পষ্ট অঙ্গীকার প্রয়োজন।
কোনো বিদ্রোহী বা সশস্ত্র গোষ্ঠী একটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিলে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনের জন্য তাকে মানবাধিকার ও সংখ্যালঘু সুরক্ষার ন্যূনতম মানদণ্ড মেনে চলতে হয়। রাখাইনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই।
চীনকে সম্পৃক্ত করার কৌশলগত গুরুত্ব
রাখাইন রাজ্যে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে। বিশেষ করে কিয়াউকফিউ গভীর সমুদ্রবন্দর, তেল-গ্যাস পাইপলাইন এবং চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরে প্রবেশাধিকার ও জ্বালানি নিরাপত্তার স্বার্থে এসব প্রকল্প চীনের কৌশলগত অগ্রাধিকারের অংশ।
কিন্তু রাখাইনের অস্থিতিশীলতা চীনের এসব বিনিয়োগ ও কৌশলগত প্রকল্পকে ঝুঁকির মুখে ফেলেছে। বেইজিংও জানে, শুধু জান্তা সরকারের ওপর নির্ভর করে রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন। এ কারণে নিজেদের বিনিয়োগ ও সীমান্তবাণিজ্য রক্ষায় চীনকে আরাকান আর্মির সাথেও বাস্তবভিত্তিক সমঝোতায় যেতে হচ্ছে।
অতীতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিলেও চীনের অগ্রাধিকার ছিল বিষয়টিকে দ্বিপক্ষীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখা। কিন্তু আইসিজের রায়ের পর রোহিঙ্গা ইস্যু আর শুধু বাংলাদেশ-মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নেই। এটি আন্তর্জাতিক আইনি ও বহুপক্ষীয় ইস্যুতে পরিণত হয়েছে। ফলে চীন চাইলে জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতাও গুরুত্বপূর্ণ।
আইসিজের রায় বাংলাদেশের জন্য নতুন আইনি ভিত্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে গবেষণাকারী ড. নাসির উদ্দিন (রহমান নাসির) নয়া দিগন্তকে বলেন, আইসিজের রায়ের গুরুত্বপূর্ণ দিক হলো, এতে মিয়ানমার রাষ্ট্রকে দায়বদ্ধ করা হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার স্বীকৃতি আন্তর্জাতিক আইনি কাঠামোয় নতুন ভিত্তি তৈরি করেছে।
তিনি বলেন, আইসিজের নিজস্ব কোনো আইন প্রয়োগকারী বাহিনী নেই। ফলে আদালতের রায় ঘোষণার পরদিন থেকেই প্রত্যাবাসন শুরু হয়ে যাবে, বিষয়টি এমন নয়। তবে বাংলাদেশের জন্য এ রায় একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি করেছে। এত দিন বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকে মানবিক, রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরেছে। এখন আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের কারণে আলোচনার টেবিলে বাংলাদেশের আইনি অবস্থান আরো শক্তিশালী হয়েছে।
তার মতে, মিয়ানমার রায় প্রত্যাখ্যান করলেও দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামরিক বাস্তবতা বিবেচনায় না নিলে প্রত্যাবাসন সম্ভব হবে না। রাখাইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ।
ড. নাসির উদ্দিন বলেন, রোহিঙ্গারা ফিরে যেতে চায়, কিন্তু ফিরে গিয়ে কোথায় থাকবে, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে কি না, নাগরিকত্ব দেয়া হবে কি না এবং ফেলে আসা ভিটেমাটি ফেরত পাবে কি না- এসব প্রশ্নের সমাধান জরুরি। আইসিজের রায়ে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আইনি নির্দেশনা ও দায়বদ্ধতার ভিত্তি সৃষ্টি হয়েছে। এখন বাংলাদেশের দায়িত্ব হচ্ছে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করে দ্রুত প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কাজ করা।
তিনি আরো বলেন, যেহেতু রাখাইনের বাস্তব নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমার সরকারের সাথে আরাকান আর্মির সম্পর্ক গুরুত্বপূর্ণ, তাই প্রয়োজন অনুযায়ী চীন, আসিয়ান, জাতিসঙ্ঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে বহুপক্ষীয় সংলাপের উদ্যোগ নিতে হবে।
আইসিজের রায় বাস্তবায়নের প্রশ্ন
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. আবদুল্লাহ আল ইউসুফ বলেন, আইসিজের রায় বাস্তবায়নের ক্ষমতা আদালতের হাতে নেই- এ যুক্তিতে রায়ের গুরুত্ব খাটো করে দেখার সুযোগ নেই। রোহিঙ্গাদের সবচেয়ে বড় সঙ্কট ছিল তাদের পরিচয়ের স্বীকৃতি। মিয়ানমার দীর্ঘদিন ধরে তাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকার করেনি। বরং বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করেছে।
তার মতে, আইসিজের রায়ে রোহিঙ্গা পরিচয়কে সুনির্দিষ্টভাবে ব্যবহারের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণহত্যা কনভেনশনের আওতায় সুরক্ষার প্রশ্নে নির্দিষ্ট জাতিগত, ধর্মীয় বা জাতীয় গোষ্ঠীর পরিচয় গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালতের এ অবস্থান রোহিঙ্গাদের স্বতন্ত্র পরিচয়ের স্বীকৃতিকে শক্তিশালী করেছে। এটি তাদের নাগরিকত্ব ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।
তিনি বলেন, আদালতের রায়ে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নীতির পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়ও এসেছে। মিয়ানমার যদি রায় বাস্তবায়ন করে, তাহলে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা ন্যায়বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে আরো শক্তিশালী অবস্থানে যেতে পারবে।
তবে রাখাইনের বর্তমান নিয়ন্ত্রণ পরিস্থিতি বড় বাধা। তার দেয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারের জান্তা সরকার দেশটির প্রায় ৪০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করে। বিভিন্ন সশস্ত্র ও জাতিগত গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে আরো ৩০ থেকে ৪০ শতাংশ এলাকা। রাখাইনসহ অনেক অঞ্চলে কেন্দ্রীয় সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নেই। ফলে জান্তা সরকারের পক্ষে সেখানে রায় বাস্তবায়ন বা প্রত্যাবাসনের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।
বাংলাদেশের করণীয়
ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফের মতে, আরাকান আর্মিকে বিবেচনায় না নিয়ে জান্তা সরকারের সাথে যত আলোচনাই করা হোক, আইসিজের রায় অনুযায়ী টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা যাবে না। তবে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার কারণে আরাকান আর্মির সাথে বাংলাদেশের আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তিতে যাওয়ার সুযোগ সীমিত। এ ক্ষেত্রে অনানুষ্ঠানিক যোগাযোগের পথ খোলা রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের প্রচলিত রীতি অনুযায়ী কোনো রাষ্ট্র সাধারণত অন্য দেশের বিচ্ছিন্নতাবাদী বা সশস্ত্র গোষ্ঠীর সাথে আনুষ্ঠানিক চুক্তিতে যায় না। কিন্তু বাস্তবতা বিবেচনায় অনানুষ্ঠানিক যোগাযোগের চ্যানেল গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ আরাকান আর্মির সহযোগিতা ছাড়া রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার পরিকল্পনায় বড় ধরনের ঝুঁকি থেকে যাবে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সামনে এখন তিনটি অগ্রাধিকার থাকা প্রয়োজন। প্রথমত আইসিজের রায়কে ভিত্তি করে জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা। দ্বিতীয়ত, চীন ও আসিয়ানকে সম্পৃক্ত করে জান্তা সরকার এবং রাখাইনের কার্যকর নিয়ন্ত্রণকারী শক্তির মধ্যে সমন্বয়ের উদ্যোগ নেয়া। তৃতীয়ত, প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, সম্পত্তির অধিকার, চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিশ্চিত করা।
রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু সীমান্ত পেরিয়ে মানুষকে ফিরিয়ে নেয়ার বিষয় নয়; এটি তাদের পরিচয়, অধিকার, নিরাপত্তা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার প্রশ্ন। তাই কেবল জান্তা সরকারের সাথে সমঝোতা নয়, রাখাইনের বাস্তব ক্ষমতাকাঠামোকে বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক আইনি ভিত্তিতে বহুপক্ষীয় উদ্যোগই হতে পারে টেকসই সমাধানের পথ।