সিলেট সীমান্তে বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ
ads

সিলেট ব্যুরো ও গোয়াইনঘাট সংবাদদাতা 

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা সারিঘাটে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার সারিঘাট এলাকায় বিজিবি ও এসআরবি যৌথভাবে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় এসআরবির প্রযুক্তিগত সহায়তায় টার্গেটটির সর্বশেষ অবস্থান সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় শনাক্ত হওয়ায় আভিযানিক দল দ্রুত ওই এলাকায় পৌঁছে ঘেরাও করে। পরে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় সেখানে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিক বিস্ফোরক ১৯টি ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ জব্দ করা হয়। 
বিজিবি জানায়, চলতি বছরে সিলেট ৪৮ ব্যটালিয়ন ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড জব্দ করেছে।  
এ ব্যাপারে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমাদ নয়া দিগন্তকে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবি নিয়মিতভাবে সীমান্ত ও তার আশপাশের এলাকায় বিশেষ অপারেশন পরিচালনা করছে। 
তিনি আরো বলেন, এ ছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দে বিজিবি এবং এসআরবি এ ধরনের যৌথ অভিযান  পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় উল্লিখিত বিস্ফোরক ও মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।