
ক্রীড়া ডেস্ক
টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলো ভারত। এক ইনিংসে প্রথম সাতটি উইকেট জুটির প্রতিটিতেই অন্তত ৫০ রান করে তুলেছে দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে এই অনন্য কীর্তি গড়েন শুভমান গিলের দল। এই জুটিগুলোর বদৌলতে ব্যাটিংয়ের সম্মিলিত দাপটে ৭২০ রান তুলে আরো কয়েকটি রেকর্ড নিজেদের করে নিয়েছে ভারত।
চতুর্থ দিন গতকাল ৯ উইকেটে ৭২০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৩৬৮ রান। ফলে ৩৫২ রানের বিশাল লিড পায় সফরকারীরা। ভারতের এই ইনিংসে প্রথম সাতটি উইকেটের প্রতিটিতে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি, যা টেস্ট ক্রিকেটে এর আগে কোনো দল এমন কীর্তি গড়তে পারেনি।
ইনিংসের শুরুতেই যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ব্যাটে আসে ১৩০ রানের জুটি। দ্বিতীয় উইকেটে রাহুল ও দেবদূত পাডিক্কাল যোগ করেন ১৬৫ রান। তৃতীয় উইকেটে রাহুল ও শুভমান গিলের সংগ্রহ ৯১। চতুর্থ উইকেটে গিল ও ঋষভ পান্তের ব্যাটে আসে ১০০ রান। এরপর পঞ্চম উইকেটে পান্ত ও আনশুল কাম্বোজ করেন ৬৮ রান। ষষ্ঠ উইকেটে পান্ত ও ধ্রুব জুরেলের জুটি থেকে আসে ৭৫ রান। সপ্তম উইকেটে জুরেল ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে যোগ হয় আরো ৫৪ রান। এই ইনিংসে আরো একটি বড় রেকর্ড গড়েছে ভারত। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৭১৫ রান করেছিল নিউজিল্যান্ড।
ভারতের এই ব্যাটিং উৎসবে লোকেশ রাহুল ১৩৬ ও ঋষভ পান্ত ব্যাট থেকে আসে ১২৮ রান। এ ছাড়া শুভমান গিল ৯৮, যশস্বী জয়সওয়াল ৮৫, দেবদূত পাডিক্কাল ৮০ এবং ধ্রুব জুরেল করেন ৭৮ রান। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন গ্লেন ফিলিপস।
ভারতের গড়া প্রথমে ইনিংসে ৩৫২ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১১৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে এখনো তারা পিছিয়ে ২৩৩ রানে। অবশ্য ব্যাটিংয়ে নেমে শুরুতেই টম লাথামকে হারিয়ে বিপাকে পড়েছিল স্বাগতিকরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে ফিরতে হয়েছে এই অধিনায়ককে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









