তামিমের ত্রিদেশীয় সিরিজের ছক
ads

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কের মাঠের হিসাব এখনো মেলেনি! ২০২৫ সালে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় দলের। রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সফর স্থগিত হওয়ার পর নতুন সূচিতে ২০২৬ সালের সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেই সময়ও ভারতকে আতিথ্য দেয়া হয়নি বাংলাদেশ। কবে দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় লড়াই মাঠে গড়াবে, সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের কাছেও। তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ নিয়ে হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারত সিরিজটি। 
কথা ছিল, আগামী বছরের জানুয়ারিতে হতে পারে দুই দলের সাদা বলের লড়াই। তবে আপাতত সেই সম্ভাবনাও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। মিরপুরে গতকাল সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে জানতে চাইলে তামিম বলেন, ‘এটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখন আপডেট দেয়ার মতো অবস্থা থাকবে, আপনারাই সবার আগে জানতে পারবেন।’
ভারত সিরিজের অনিশ্চয়তার মধ্যেই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে নতুন আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন তামিম। দুই দেশের ক্রিকেট বোর্ড থেকেই ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সম্ভাব্য সময় নিয়ে  যেটি বলেছেন, সেটিতে কিছুটা সংশোধনীও দিয়েছেন বিসিবি সভাপতি।
সম্প্রতি পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট শেষ হওয়ার পর নাকভি জানিয়েছিলেন, আগামী বছর বিশ্বকাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজন হতে পারে। তবে সময়ের হিসাবটি ঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মনে করছেন তামিম। ‘এটা আসলে আমি বলতে চাইনি। আমার প্রতিপক্ষ দলের একজন সেটা বলে ফেলেছেন। আমি শ্রীলঙ্কা-পাকিস্তানকে একটা প্রস্তাব দিয়েছি যে একটা ত্রিদেশীয় সিরিজ খেলতে পারি। যদি এশিয়া কাপের আগে আগে এটা করতে পারি, সেটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। অনেক আনন্দদায়কও হবে। যদি ত্রিদেশীয় সিরিজগুলো আরও বেশি হয়, তাহলে মানুষের আগ্রহ আরও বাড়বে। ত্রিদেশীয় সিরিজ শেষ করেই এশিয়া কাপের প্রস্তুতিতে নামবে দলগুলো।’ বিভাগীয় শহরগুলোতে ক্রিকেট অ্যাকাডেমি করার ঘোষণা দিয়েছে বিসিবি। সাত থেকে আট শহরে এই বিভাগীয় অ্যাকাডেমিগুলো হতে পারে বলে জানিয়েছেন তামিম ইকবাল। ২৮ নভেম্বর বোর্ড মিটিংয়ে এটা আলোচনা করা হবে। জেলা-বিভাগীয় পর্যায়ের কোচগুলো একটা নির্দিষ্ট সময়ের পর ‘বেকার’ হয়ে পড়েন। তাদেরই কাজে লাগানোর পরিকল্পনা করছেন তামিম।