লালমনিরহাটে ৩ জনসহ বিভিন্ন স্থানে নিহত ৫
ads

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় লালমনিরহাটে তিনজনসহ দেশের অন্যান্য স্থানে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন গরু ব্যবসায়ী রয়েছেন।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাইদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যাওয়ার পর একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার সকালে উপজেলার ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের ইসাহাক আলীর ছেলে। তার পকেটে থাকা মানিব্যাগ ও পরিচয়পত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রশাসন তার পরিচয় নিশ্চিত করে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, লাশের সুরতহাল করা হয়েছে। পরিবারের সদস্যরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার ভোরে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে আহত মোটরসাইকেল আরোহীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
সকাল ৬টার দিকে উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বাজারসংলগ্ন বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গরু ব্যবসায়ী ফজলুল হক (৫০) ও এমদাদুল হক (৫০)। ফজলুল হকের বাড়ি পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া মৌজার খোঁড়াগাছ এলাকায়। তিনি মনজুর আলীর ছেলে এবং মাছ ব্যবসায়ী ফজলের ছোট ভাই। অন্য দিকে এমদাদুল হক একই ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকার আব্দুস সোবাহানের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, ভোরে কুড়িগ্রাম থেকে আসা একটি ট্রাক গরুবাহী নছিমন ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কার পর তিনটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফজলুল হক নিহত হন। গুরুতর আহত এমদাদুল হককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা যায়।
অন্য দিকে লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ৩১ বছর বয়সী এক মেডিক্যাল টেকনোলজিস্ট। রোববার বিকেলে উপজেলার চাপারতল তেল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার আনুর বাজার এলাকায়। তিনি মৃত সাজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে কর্মস্থলের কাজ শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেন রবিউল। পথে চাপারতল তেল পাম্পসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বাঘাবাড়ি বড়াল সেতুর দক্ষিণপাড়ে ইঞ্জিনচালিত নছিমন গাড়ি দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৫২)। সে পাবনা জেলার বনওয়ারিনগর-ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের চকচকিয়া গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে, গতকাল রোববার সকালে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকালে একটি নছিমন গাড়িতে গরুবোঝাই করে চার গরু ব্যবসায়ী ডেমরা এলাকা থেকে উত্তরবঙ্গের বৃহত্তম তালগাছী গরুর হাটে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্রই নছিমনের সামনের চাকাটি খুলে গিয়ে গাড়িটি ভেঙে পড়ে। এ সময় গরুর সাথে উপরে থাকা গরু ব্যবসায়ীরা ছিটকে পড়লে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত অপর তিন ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়।