একক প্রার্থী বাছাইয়ে ৩ নেতার বৈঠক ২৬ নভেম্বর
একক প্রার্থী বাছাইয়ে ৩ নেতার বৈঠক ২৬ নভেম্বর।
ads

ফ্রান্স প্রতিনিধি

ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডানপন্থী ও মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন প্রার্থী নির্বাচনের উদ্যোগ ক্রমেই জোরালো হচ্ছে। নির্বাচনে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে এবং ভোট বিভক্ত হওয়ার ঝুঁকি কমাতে যৌথ প্রাইমারি নির্বাচনের পথে এগোচ্ছেন গ্যাব্রিয়েল আতাল, ব্রুনো রেতাইয়ো ও দাভিদ লিসনার। এ লক্ষ্যে আগামী ২৬ নভেম্বর তিন নেতার নির্বাচনী প্রচারাভিযান পরিচালনাকারী প্রতিনিধিরা আবারো বৈঠকে বসবেন। বৈঠকে সম্ভাব্য প্রাইমারি নির্বাচনের নিয়ম, প্রক্রিয়া, অংশগ্রহণের পরিধি এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম বৈঠকে তিন নেতার প্রতিনিধিরা ডানপন্থী ও মধ্যপন্থী রাজনৈতিক শিবিরের জন্য একজন অভিন্ন প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের লক্ষ্যে অভ্যন্তরীণ ভোট আয়োজনের বিষয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছান। ওই বৈঠকে প্রস্তাবিত প্রাইমারি নির্বাচনের তারিখও নির্ধারণ করা হয়। সে অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জানুয়ারি প্রথম দফা এবং প্রয়োজন হলে ৩১ জানুয়ারি দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই আলোচনায় অংশ নেয় গ্যাব্রিয়েল আতালের নেতৃত্বাধীন রেনেসাঁ পার্টি, ব্রুনো রেতাইয়োর নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি এবং দাভিদ লিসনারের নুভেল এনার্জি। তিনটি রাজনৈতিক শিবিরের লক্ষ্য হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সীমিত করে এমন একজন প্রার্থী নির্ধারণ করা, যিনি ডানপন্থী ও মধ্যপন্থী ভোটারদের বৃহত্তর অংশের সমর্থন আদায় করতে পারবেন।
আগামী ২৬ নভেম্বরের বৈঠকটি আগের আলোচনার ধারাবাহিকতা হিসেবে অনুষ্ঠিত হবে। এতে তিন নেতার নির্বাচনী প্রচারাভিযানের পরিচালক ও প্রতিনিধিরা প্রাইমারির বাস্তবায়নযোগ্য কাঠামো নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে কারা ভোট দিতে পারবেন, কোন রাজনৈতিক শক্তিগুলো এই প্রক্রিয়ায় যুক্ত হবে এবং নির্বাচিত প্রার্থীকে অন্য পক্ষগুলো কিভাবে সমর্থন করবে, সেসব বিষয় নিয়ে সমঝোতার প্রয়োজন রয়েছে।
তবে এই ঐক্যপ্রক্রিয়ায় সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ। তাকেও ২৬ নভেম্বরের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তিনি শুরু থেকেই যৌথ প্রাইমারি নির্বাচনের বিরোধিতা করে আসছেন। ফলে তিনি বৈঠকে অংশ নেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে ১৭ নভেম্বরের বৈঠকেও ফিলিপ নিজে কিংবা তার পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠাননি। এতে স্পষ্ট হয়েছে, ডান ও মধ্যপন্থী শিবিরের অন্য নেতারা যখন অভিন্ন প্রার্থী নির্বাচনের প্রক্রিয়ায় এগোচ্ছেন, তখন ফিলিপ আপাতত নিজস্ব রাজনৈতিক পথেই এগোতে আগ্রহী।
নিজের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান আরো সুসংহত করতে গত ১৮ নভেম্বর ফিলিপ তার নির্বাচনী কর্মসূচির ১৪২টি প্রস্তাব প্রকাশ করেন। তিনি তার কর্মসূচিকে ‘ব্রেক’ বা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সাথে আমূল বিচ্ছেদ ঘটানোর কর্মসূচি হিসেবে বর্ণনা করেছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, ফ্রান্সের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় পরিবর্তন আনতে তিনি প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজস্ব পরিকল্পনা নিয়ে এগোতে চান। প্রাইমারি নির্বাচনে অংশগ্রহণের পরিবর্তে নিজের কর্মসূচি ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিই তার অবস্থানে প্রতিফলিত হচ্ছে।
সব মিলিয়ে ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডান ও মধ্যপন্থী রাজনৈতিক শিবিরে এখন দ্বিমুখী তৎপরতা চলছে। একদিকে আতাল, রেতাইয়ো ও লিসনার প্রাইমারি নির্বাচনের মাধ্যমে একজন অভিন্ন প্রার্থী নির্ধারণে এগোচ্ছেন, অন্যদিকে এদুয়ার ফিলিপ নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়ে স্বতন্ত্র অবস্থান বজায় রাখছেন। একই সাথে সম্ভাব্য জোটে এরিক জেমুরের অংশগ্রহণ নিয়ে মতবিরোধ ঐক্যের প্রচেষ্টাকে আরো কঠিন করে তুলেছে।