
রফিকুল হায়দার ফরহাদ
দ্রুতই ছুটছিলাম পটুয়াখালীর রাঙ্গাবালীর চর মোন্তাজের আন্ডার চরগামী খেয়াঘাটের দিকে। ভাঙ্গাচোরা রাস্তা পেরিয়ে যাওয়ার আগেই খেয়ার মাঝি চালু করে দিলেন নৌকাটি। আমি ঘাটে পৌঁছাতে পৌঁছাতে ইঞ্জিন চালিত নৌকা তখন চর আন্ডার নদীর মাঝ খানে। ফলে পরের খেয়ার জন্য অপেক্ষা। ঠিক তখনই খেয়াঘাটের রাস্তা লাগোয়া পূর্ব পাশে চোখে পড়ল অনেকগুলো হলুদ ফুল ফোটা একটি গাছের দিকে। বাইট গাছ বা বাটোই গাছের সাথে দাঁড়িয়ে আছে গাছটি। প্রথমে বলই ফুল ভেবে ভুল করেছিলাম। প্রথমত, বলই ফুল এই সময়ে ফোটে না। বলই ফুল ফোটে জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে। তা ছাড়া বলই ফুল হলুদ হয় না। কিন্তু ঘাটের পাশের গাছের এই ফুলের সৌন্দর্যটি আমাকে এতটাই মুগ্ধ করল যে আমি গাছের কাছে না গিয়ে আর পারলাম না। কিন্তু চিনতে পারছিলাম না কী ফুল এটি। তবে যতদূর মনে পড়ছিল এই ফুল গাছ আগে আমি অন্য কোথাও দেখেছি। শুরু করলাম ছবি তোলা। আমার আগ্রহ দেখে পাশ থেকে ছুটে এলেন একজন। তাকে জিজ্ঞাসা করলাম গাছের নাম ও এর ফুল ও ফলের উপকারিতা সম্পর্কে। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। পাশে থাকা বর্ষীয়ান দোকানদারের কাছেও জানতে চাইলাম। তিনিও ব্যর্থ। আশপাশের আরো কয়েকজনকে ডেকে এনে জানতে চেয়েও কোনো তথ্য পাইনি। চর মোন্তাজে ফিরে এসে কয়েকজনকে এই গাছ ও এর ফুল ও ফলের ছবি দেখিয়েও লাভ হলো না। ঢাকায় ফিরে এসে উপকূলীয় বন নিয়ে গবেষণা করা অর্থাৎ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা এ কে এম আজাদকে ছবি পাঠিয়েও উত্তর পাইনি। শেষ পর্যন্ত তিনি চর মোন্তাজের বন বিভাগের একজনের ফোন নম্বর দিলেন। আবদুর রব নামের এই ব্যক্তি আমার মুখে গাছের বর্ণনা শুনেই জানান এটি বুনো ঢেঁড়স গাছ।
একেবারেই ঢেঁড়স গাছের মতোই এর সব কিছু। ফুল, ফল, গাছের পাতা সবই। তবে তরকারি হিসেবে খাওয়া ঢেঁড়সের মতো বড় হয় না এই বুনো ঢেঁড়সের ফলটি। দুই থেকে আড়াই ইঞ্চি বড় হয়। তবে মূল ঢেঁড়সের চেয়ে একটু মোটা। গাছের উচ্চতাও ঢেঁড়স গাছের মতো।
আবদুর রব জানান, ‘এই গাছটি উপকূলীয় এলাকায় নোনা পানিতে খালের পাশে বা জলার পাশে জন্মায়। কোনো উপকারে লাগে না- এই গাছের কোনো কিছু।’ কিন্তু আমার বারবারই মনে হচ্ছিল মহান আল্লাহ তায়ালা নিশ্চয়ই কোনো উপকার ছাড়া এই গাছ সৃষ্টি করেননি।
শীত আসার আগে আগেই সেপ্টেম্বর মাসের দিকে এই ফুল ফোটে। এক গাছে অনেক ফুল এক সাথে ফোটে। ৫০-৬০টি। সকাল বেলায় যখন সবুজ গাছে এক সাথে অনেকগুলো ফুল ফোটে তখন দেখতে খুবই সুন্দর লাগে। বুনো ঢেঁড়স গাছের বেশ দূরেই ঝিঙ্গা ও ধুন্দুল গাছের মাচায় অসংখ্য হলুদ ফুল ফুটেছিল। স্থানীয় একজন আমাকে সেই দৃশ্যও দেখালেন। তবে আমার নজর ছিল- এই বুনো ঢেঁড়স ফুলের দিকেই।
আমি যখন গাছের ছবি তুলছিলাম তখন পাশে থাকা একজন এসে একটি শুকনো ফল ভেঙে এর ভেতর থেকে বীজ বের করে দেখালেন। একেবারেই ঢেঁড়সের মতো বিচি। এই বুনো ঢেঁড়স পেকে শুকিয়ে গেলে কালো হয়ে যায়।
এটি সবজি হিসেবে রান্না করে খাওয়া যায় বলে ফেসবুকে বিভিন্ন জন স্ট্যাটাস দিয়েছেন। ভিডিও বানিয়ে ছেড়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









