রাখাইনে ভূখণ্ড-নিয়ন্ত্রণ হারিয়ে আকাশপথে বেপরোয়া জান্তা
ads

নয়া দিগন্ত ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির সামরিক জান্তা। তবে স্থলভাগ হাতছাড়া হলেও আকাশপথে ভয়াবহ হামলা চালানোর সক্ষমতা তারা এখনো ধরে রেখেছে। বাজার, হাসপাতাল, বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির ও যোগাযোগ অবকাঠামোতে একের পর এক হামলায় প্রাণহানির পাশাপাশি বিপর্যস্ত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, যার ফলে জান্তার নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকাগুলোতে মানবিক সঙ্কট আরো ঘনীভূত হচ্ছে। খবর দ্য ইরাবতি ও রয়টার্সের।
২০২৩ সালের নভেম্বরে নতুন করে সঙ্ঘাত শুরু হওয়ার পর রাখাইনের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করা এই বাহিনী একের পর এক সামরিক ঘাঁটি ও জনপদের নিয়ন্ত্রণ নেয়ায় স্থলভাগে জান্তার সামরিক অবস্থান, প্রশাসনিক কর্তৃত্ব ও রাজনৈতিক প্রভাব খর্ব হয়েছে। কিন্তু স্থলভাগে নিয়ন্ত্রণ হারালেও বিমান, নৌবাহিনীর গোলাবর্ষণ এবং দূরপাল্লার কামান দিয়ে হামলার সক্ষমতা মিয়ানমারের সামরিক বাহিনীর রয়ে গেছে। ভূখণ্ড পুনর্দখল করা কঠিন হয়ে পড়ায় স্থলবাহিনী না পাঠিয়েই বিমান হামলার মাধ্যমে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর ওপর চাপ বাড়াচ্ছে জান্তা। এর ফলে রাজ্যের বিশাল অংশের প্রশাসনিক নিয়ন্ত্রণ হারানো সত্ত্বেও সাধারণ মানুষের জীবন ও অবকাঠামো ধ্বংস করার সামর্থ্য তাদের বজায় রয়েছে। যদিও ভূখণ্ডের নিয়ন্ত্রণ হাতবদল হচ্ছে, তবুও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না।
বাজার ও চিকিৎসাকেন্দ্রে প্রাণহানি
গত ২৮ সেপ্টেম্বর কিয়াউকতাও এলাকায় ইন্ডিয়া মার্কেট ও কিসাপানাদি সেতুর আশপাশে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ডেভেলপমেন্ট মিডিয়া গ্রুপের (ডিএমজি) তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ৫০ জন বেসামরিক মানুষ নিহত এবং ৫৮ জন আহত হন। জাতিসঙ্ঘও কাছাকাছি সংখ্যার হতাহতের তথ্য দিয়েছে। তবে স্বাধীন তদন্তকারীরা বিমান হামলা ও ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ পেলেও হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা নিশ্চিত করতে পারেননি। এই হামলায় স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র বাজারটি ক্ষতিগ্রস্ত হয়। বাজার ধ্বংস হয়ে যাওয়ায় ব্যবসায়ী, পরিবহনশ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং দৈনন্দিন বেচাকেনার ওপর নির্ভরশীল পরিবারগুলোর জীবিকা হুমকির মুখে পড়েছে। একইসাথে পণ্য সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ কঠিন হয়ে উঠেছে। দীর্ঘদিনের সঙ্ঘাত ও চলাচলে বিধিনিষেধের কারণে আগে থেকেই নাজুক হয়ে পড়া রাখাইনের বাণিজ্যব্যবস্থায় এই হামলা নতুন সঙ্কট সৃষ্টি করেছে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। গত ১ নভেম্বর ম্রাউক-উ এলাকায় একটি অস্থায়ী মাতৃসদনে বিমান হামলায় নবজাতকসহ পাঁচজন প্রাণ হারান। বার্তা সংস্থা রয়টার্স এই ঘটনাটি নথিভুক্ত করেছে এবং আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সহায়তা সংস্থা মেডিসিনস স্যানস ফ্রঁতিয়ের (ডক্টরস উইদাউট বর্ডার্স) হামলার নিন্দা জানিয়েছে। চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা পাওয়ার সুযোগ আরো সীমিত হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে রোগীরা চিকিৎসা নিতে দেরি করতে পারেন বা হাসপাতাল এড়িয়ে যেতে পারেন। ওষুধ, চিকিৎসক ও সরঞ্জামের সঙ্কটে থাকা রাখাইনে একটি সচল চিকিৎসাকেন্দ্র বন্ধ হয়ে গেলেও বহু মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।
বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে হামলা
যুদ্ধের কারণে ঘরবাড়িছাড়া মানুষের আশ্রয়শিবিরগুলোও জান্তার বিমান হামলা থেকে রেহাই পাচ্ছে না। গত ১৩ নভেম্বর পোনাগিউন টাউনশিপের বিয়ারলা অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে বিমান হামলা চালানো হয়। স্থানীয় উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, এতে শিশুসহ ১২ জন নিহত এবং ১৮ জন আহত হন। এর আগে গত ৪ অক্টোবর একই আশ্রয়শিবিরে বিমান হামলায় ছয়জন বাস্তুচ্যুত মানুষ নিহত হয়েছিলেন। ফলে বারবার হামলার শিকার হচ্ছে এমন একটি জনগোষ্ঠী, যারা যুদ্ধের কারণে আগেই নিজেদের ভিটেমাটি হারিয়েছে। আশ্রয়শিবিরে হামলার ফলে বাস্তুচ্যুত পরিবারগুলোর নিরাপত্তা আরো অনিশ্চিত হয়ে পড়েছে। এসব হামলায় আশ্রয়স্থল ধ্বংস হওয়ার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। খাদ্য ও চিকিৎসার সীমিত সুযোগের মধ্যে থাকা পরিবারগুলোকে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়তে হচ্ছে এবং শিশু ও পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘস্থায়ী মানসিক আঘাত সৃষ্টি হচ্ছে।
যোগাযোগ অবকাঠামো ধ্বংস ও বিচ্ছিন্ন জনপদ
জান্তার বিমান হামলায় সড়ক ও সেতুসহ গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নভেম্বরের শুরুতে কিয়াউকতাও টাউনশিপে হামলায় যোগাযোগব্যবস্থার ক্ষতি হয়। পরে মিনবিয়া, কিয়াউকফিউ ও রামরি এলাকায় আরো কয়েকটি সেতুতে হামলার তথ্য পাওয়া যায়। এসব সেতু কেবল সামরিক যোগাযোগের জন্য নয়, সাধারণ মানুষের জীবনযাত্রার জন্যও অপরিহার্য। কৃষিপণ্য বাজারে নেয়া, রোগীদের হাসপাতালে পৌঁছানো এবং খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা সরবরাহে সেতুগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেতু ধ্বংস হওয়ায় জনপদগুলোর মধ্যে যোগাযোগ ব্যাহত হচ্ছে, পরিবহন ব্যয় বাড়ছে এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে রাখাইনে ২০২৩ সালের শেষ দিক থেকে স্থল ও সমুদ্রপথে অবরোধের কারণে পণ্য সরবরাহ এমনিতেই সঙ্কুচিত। এর ফলে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকার বাসিন্দাদের খাদ্য, জ্বালানি ও ওষুধের জন্য ভারতের মিজোরাম থেকে চিন রাজ্যের পালেতওয়া হয়ে আসা পণ্যের ওপর নির্ভর করতে হচ্ছে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, কোনো সেতু সামরিক কাজে ব্যবহৃত হলে নির্দিষ্ট পরিস্থিতিতে সেটি বৈধ সামরিক লক্ষ্যবস্তু হতে পারে। তবে হামলার ক্ষেত্রে বেসামরিক মানুষের সুরক্ষা, সম্ভাব্য ক্ষয়ক্ষতির তুলনায় সামরিক সুবিধা এবং প্রয়োজনীয় সতর্কতা নিশ্চিত করতে হবে। কোনো স্থাপনাকে সামরিক লক্ষ্যবস্তু দাবি করলেই সেখানে নির্বিচারে হামলা চালানোর বৈধতা সৃষ্টি হয় না।
আরাকান আর্মির প্রশাসনিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা
বাজার, হাসপাতাল, আশ্রয়শিবির ও যোগাযোগ অবকাঠামোয় ধারাবাহিক হামলার প্রভাব কেবল তাৎক্ষণিক প্রাণহানিতে সীমাবদ্ধ থাকছে না। এসব হামলায় স্থানীয় অর্থনীতি, স্বাস্থ্যসেবা, পণ্য সরবরাহ এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ায় আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো পরিচালনা করাও কঠিন হয়ে পড়ছে। আরাকান আর্মিকে সামরিক অভিযানের পাশাপাশি জরুরি ত্রাণ, চিকিৎসাসেবা, অবকাঠামো মেরামত এবং প্রয়োজনীয় পরিষেবা সচল রাখতে সীমিত সম্পদ ব্যয় করতে হচ্ছে। এমন বাস্তবতায় প্রশ্ন দেখা দিয়েছে, স্থলভাগে ভূখণ্ড পুনর্দখলে ব্যর্থ হয়ে জান্তা কি আকাশপথে হামলার মাধ্যমে আরাকান আর্মির প্রশাসনিক ও শাসনক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে? সামরিক বাহিনী স্থলপথে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলেও বিমান হামলার মাধ্যমে অর্থনৈতিক ও মানবিক সংকট সৃষ্টি করে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
আসিয়ানে পূর্ণ প্রতিনিধিত্ব ফিরে না পেয়ে ক্ষোভ
রয়টার্স আরো জানায়, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানে পাঁচ বছরেও রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে মিয়ানমার। দেশটির সেনাসমর্থিত সরকার আসিয়ানের সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে জোটের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে।  
গত ১৫ নভেম্বর ম্যানিলায় আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত আসে- মিয়ানমার পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতি দেখাতে পারলে ধাপে ধাপে দেশটির রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। এর প্রতিক্রিয়ায় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার বলেছে, “ম্যানিলায় আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে মিয়ানমার সরকার যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করে, সেগুলোর যথাযথ প্রতিফলন ঘটেনি।” 
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ওই বছরের অক্টোবর থেকে আসিয়ানের শীর্ষ সম্মেলন ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের পূর্ণ প্রতিনিধিত্ব নেই। এসব বৈঠকে দেশটির রাজনৈতিক প্রতিনিধি না পাঠিয়ে অরাজনৈতিক প্রতিনিধি পাঠানোর সুযোগ রাখা হয়েছে। অভ্যুত্থান-পরবর্তী সঙ্কট নিরসনে ২০২১ সালের ২৪ এপ্রিল আসিয়ানের নেতারা পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করেন। এর মধ্যে রয়েছে- মিয়ানমারে অবিলম্বে সহিংসতা বন্ধ, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ, সংলাপে মধ্যস্থতার জন্য আসিয়ানের বিশেষ দূত নিয়োগ, জোটের মাধ্যমে মানবিক সহায়তা এবং বিশেষ দূত ও প্রতিনিধিদলের মিয়ানমার সফর করে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে বৈঠক। মিয়ানমারকে পূর্ণ প্রতিনিধিত্ব ফিরে দিতে এখন পাঁচ দফায় অগ্রগতি দেখতে চাইছে আসিয়ান। আর এ সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলে বর্ণনা করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলেছে, “বিভিন্ন সময়ে মিয়ানমারের মতামত উপেক্ষা করা হয়েছে এবং দেশটির সমান অধিকার ও পূর্ণ প্রতিনিধিত্বের সুযোগ অস্বীকার করা হয়েছে।”
মন্ত্রণালয় দাবি করেছে, মিয়ানমারে কোনো রাজনৈতিক বন্দী নেই। সামরিক অভ্যুত্থানের পর থেকে এক লাখ ২৬ হাজারের বেশি বন্দীকে ক্ষমা বা সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হয়েছে। তবে জাতিসঙ্ঘ ও মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে হাজার হাজার মানুষ রাজনৈতিক কারণে কারাবন্দী রয়েছেন। এর আগে বুধবার পার্লামেন্টে দেয়া বক্তব্যে জান্তা সরকারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বলেন, আসিয়ানের সাথে মিয়ানমারের সম্পর্ক পুনর্বিবেচনা করছে তার প্রশাসন। তবে জোটের সদস্য দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। অভ্যুত্থানের জেরে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। জাতিসঙ্ঘের হিসাব অনুযায়ী, এই সঙ্ঘাতে এক লাখ মানুষ নিহত হয়েছেন এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ১১ সদস্যের আসিয়ান জোটের অন্য দেশগুলো হলো- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও পূর্ব তিমুর।