হজ ব্যবস্থাপনা নিয়ে শঙ্কিত এজেন্সি মালিকরা
ads

 নিজস্ব প্রতিবেদক
আগামী বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে শঙ্কিত বেসরকারি হজ এজেন্সি মালিকরা। তারা জানিয়েছেন, এ বছর হজ নিয়ে নতুন নতুন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এতে তারা বেশ বিপাকে পড়েছেন। মিনার তাঁবু পেতে অনলাইনে বুকিং সিস্টেম চালু করা হলেও গভীর রাতে বুকিং দেয়ার পর বাতিল করে দেয়া হচ্ছে। এ ছাড়া বাস সার্ভিস, বাসা ভাড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় রয়েছেন এজেন্সি মালিকরা। অন্য দিকে সরকার বলছে সমস্যা সৌদি আরবের প্রান্তে হওয়ায় তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে তারা সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। 
গত শনিবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) বার্ষিক পিকনিক ও মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়। সেখানে হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার স্বাগত বক্তৃতা দিতে গিয়ে বলেন, ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে আমরা শঙ্কিত। রাজকীয় সৌদি সরকারের যে নতুন নিয়ম, এই নিয়মের কারণে আমরা তাঁবু পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। আমরা ডাবল ট্রিপ বাসের পরিবর্তে সিঙ্গেল ট্রিপ বাস পাচ্ছি। আমরা জোন-১-এ তাঁবু পাচ্ছি না। আমাদেরকে বাড়িভাড়া একই ডিস্ট্রিক্টে করতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এ রকম অনেক সমস্যা ইতোমধ্যে লিখিত আকারে আমরা ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করেছি। আমরা যাতে নির্বিঘেœ ও সুন্দরভাবে ২০২৭-এর হজ সম্পন্ন করতে পারি সেজন্য সরকারের প্রয়োজনীয় উদ্যোগ আশা করছি।