রংপুরে মুরগির খামারে চুরি, গণপিটুনিতে নিহত ১, গ্রেফতার ২
ads

রংপুর ব্যুরো
রংপুরে মুরগির খামারে চোর সন্দেহে গণপিটুনিতে  মারা গেছে এক যুবক। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
রোববার ভোররাতে  উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের দলুয়া গ্রামের মিঠাপুকুর ফুলবাড়ি এশিয়ান হাইওয়ের পাশে একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। নিহতের নাম মকবুল হোসেন (৪০)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দলিরামপুর ইউনিয়নের পালিপাড়া মৌবী ডাঙ্গা এলাকার সবুজ শেখের ছেলে। নিহতের স্ত্রী আরজুমান আরা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হলেও দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে। 
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নিমতলির সৈয়দ আখতার হোসেনের ছেলে সৈয়দ আসিফ আখতার সাহাদ (২৮) ও দিনাজপুর  রানীগঞ্জ কালবাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে  শিহাব বাবু (২৪)।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, খামারটিতে চুরি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনি  দেন বিক্ষুব্ধ জনতা।  সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার নূরে আফতাব সিদ্দিক জানান, গনপিটুনি দেয়া গুরুতর আহত মকবুল হোসেন নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে বদরগঞ্জ থানা পুলিশ।