
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ১৩ ইউনিয়নের ১৩ জন সার ডিলারের প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা করে মোট এক লাখ ৩০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ ইসলাম সেন্টুর বিরুদ্ধে। ইতোমধ্যে কয়েকজন ডিলার টাকা দিয়েছেন, আবার কেউ কেউ টাকা দেবেন বলে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার জানান, সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করছেন। ভবিষ্যতে যেন সাংবাদিকরা এ বিষয়ে আর লেখালেখি না করেন, সে উদ্দেশ্যে উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩ জন ডিলারের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে অভিযোগ তাদের।
পাঁচগাঁও ইউনিয়নের সার ডিলার কাইয়ুম ফকির বলেন, ‘সেন্টু আমার কাছেও টাকা চেয়েছে। এখনো দিইনি, তবে দেব।’ হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান এপোলো বলেন, ‘বিষয়টি সেন্টু দেখবে বলেছে। এ বিষয়ে তিনি সরাসরি কথা বলবেন।’
অভিযোগের বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ ইসলাম সেন্টু বলেন, ‘টাকা নেয়ার বিষয়টি মিথ্যা। ১৩ জন ডিলারের মধ্যে ১১ জনের উপস্থিতিতে আমরা একটি ফান্ড গঠনের কথা বলেছি।’ তিনি এই প্রতিনিধিকে বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এই ষড়যন্ত্র।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









