হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
ads

 নয়া দিগন্ত ডেস্ক

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৮ জন। 
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে এক হাজার ২৪৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু এক হাজার ৩৫২ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৬২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। মোট এক হাজার ২৩৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন হাসপাতাল ছেড়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ জনের।
সিলেটে আরেক শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হামে একদিন মৃত্যুহীন থাকার পর ফের শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন কেউ শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৫৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৯ জন। রোববার এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই মাস বয়সী সুয়াইবা আক্তার সিলেট সদর উপজেলার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮২৫ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৫৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯২১ জনের হাম শনাক্ত হয়েছে।