রাউজান উপজেলা সভাপতি-সম্পাদককে চূড়ান্ত সতর্ক করল কেন্দ্রীয় যুবদল
ads

 চট্টগ্রাম ব্যুরো 
রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান সাহিল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছোটনকে চূড়ান্ত সতর্ক করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, হামলা ও রক্তাক্ত করার মতো ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগে এ সতর্কবার্তা দেয়া হয়েছে।
রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্কবার্তা দেয়া হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এমপির নির্দেশক্রমে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়, রাউজান উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, হামলা ও রক্তাক্ত করার মতো নিন্দনীয় ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। এ ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার অভিযোগ যুবদলের জন্য দুঃখজনক ও বিব্রতকর বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরো বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে সতর্কতার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে তাদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।