
নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে দেশের আবহাওয়া ক্রমান্বয়ে শুষ্ক হয়ে উঠছে। আগামী কয়েক দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমার পাশাপাশি রাতের তাপমাত্রাও ক্রমান্বয়ে কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের শেষ দিকে শীতের অনুভূতি বাড়তে পারে।
নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দু’টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যা একটি রেকর্ড; এক মাসে সাধারণত দু’টি ঘূর্ণিঝড় খুব কমই ঘটে। এর আগে অক্টোবরের শেষ সপ্তাহেও আরেকটি ঝড় হয়েছিল। তিনটি ঝড়ই ভারতের উপকূলে আঘাত হানায় নভেম্বরের বাকি সময়ে আর কোনো ঝড় হওয়ার আশঙ্কা নেই।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও আজ সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই শুষ্কতা মানুষের ত্বকে প্রভাব ফেলবে; ময়েশ্চারাইজার ব্যবহার না করলে শরীরে চুলকানি ও পায়ে ছোট ছোট ফাটল দেখা দিতে পারে। এতে কাজ না হলে চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিতে হতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কেটে গিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশের আকাশ শুষ্ক হতে শুরু করতে পারে । মঙ্গল ও বুধবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে; আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। এ সময় দিনের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল বাতাস বয়ে যেতে শুরু করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শীতের অনুভূতি বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের বর্ধিত পূর্বাভাসে ইঙ্গিত দেয়া হয়েছে যে, ২৫ নভেম্বরের পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে নভেম্বরের শেষ সপ্তাহে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাত ও ভোরের তাপমাত্রা কমে শীতের অনুভূতি আরো বাড়তে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে রাত ও ভোরে শীতের অনুভূতি তুলনামূলক বেশি হতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









