হাসিনা নিজেও জানেন তিনি আর ফিরতে পারবেন না : ডেপুটি স্পিকার
ads

নেত্রকোনা প্রতিনিধি    

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ২৪’র গণ- আন্দোলনকে স্তব্ধ করতে নিষ্পাপ অবুঝ শিশু থেকে শুরু করে নির্বিচারে দেড় হাজারের মতো মানুষকে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছিলেন। তিনি নিজেও জানেন আর কখনো বাংলাদেশের মাটিতে ফিরতে পারবেন না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার আড়াই বছর পরও কোনো অনুশোচনা না করে আবারো ক্ষমতা লাভের দুরাশায় জ্বালাও-পোড়াও ও হত্যার রাজনীতি শুরু করেছেন। 
গতকাল  নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে আয়োজিত ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপির প্রবীণ নেতা এম, এ খায়েরের সভাপতিত্বে সভায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয়  যুগ্ম-সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলটসহ উপজেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
ডেপুটি স্পিকার বলেন, নির্বাচনের আগে কথা দিয়েছিলাম, কলমাকান্দা-দুর্গাপুরকে ইনসাফের মাধ্যমে পরিচালনা করব। সে কথা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি, আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখব। অবহেলিত এ এলাকার উন্নয়নে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাবো। 
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার। কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা ও একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এরই ধারাবাহিকতায় তারই কন্যা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোটারবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলেও ছাত্র-জনতার গণ আন্দোলনের মাধ্যমে দলবল নিয়ে পালাতে বাধ্য হয়েছিলেন। আর সেই হাসিনা এ দেশের মাটিতে ফিরে আসবে বলে ঘোষণা দিয়েছেন তা হাস্যকর।  তিনি আর কখনো এ দেশের মাটিতে ফিরে আসতে পারবেন না। দেশের মানুষ এখনো সেই দুঃশাসন ও হত্যাযজ্ঞ ভুলে যায়নি।