
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, আমরা জনগণের ঐক্য চাই। জনগণের ঐক্য করতে হলে গণভোটে ৭০ ভাগ মানুষের দেয়া রায় কার্যকর করতে হবে। তা ছাড়া দেশে শান্তি আসবে না। তিনি বলেন, আমরা যদি সংবিধান সংস্কার না করি, তাহলে দল হিসেবে আওয়ামী লীগ আসবে না, নাম পরিবর্তন করে আওয়ামী চরিত্রের দল ক্ষমতায় থাকবে। তারা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে। আমরা এটি হতে দিতে পারি না। এ পথ বন্ধ করতে হবে। এটির জন্য আমরা জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নেমেছি।
গতকাল রাজধানীর আলফালাহ মিলনায়তনে জরুরি জেলা আমির সম্মেলনে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন, নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল; নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মোহাম্মদ সেলিম উদ্দিন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াত সবসময় জনগণের সাথে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর জন্য একমাত্র দায়ী সরকার। দেশ রক্ষা, সীমান্ত রক্ষা ও জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার সেটি করতে পারছে না, বরং কোথাও কোথাও সরকার উসকানি দিচ্ছে। কার স্বার্থে, কাদের খুশি করার জন্য তারা এ উসকানি দিচ্ছে? জাতি আজ তা জানতে চায়। তিনি আরো বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে, বাকিরা পালানোর জায়গা পাবে না। সরকারকে সন্ত্রাসীদের শক্তভাবে দমন করতে হবে। জনগণের যাতে ক্ষতি না হয়, সেজন্য দায়িত্বশীল দল হিসেবে মাঠে-ময়দানে থাকবে জামায়াতে ইসলামী। একই সাথে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দু’টি ভোট দিয়েছে। একটি সরকার গঠনের জন্য এবং আরেকটি সংবিধান সংস্কারের জন্য গণভোট। আমরা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে দু’টি শপথ নিয়েছি। একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটির শপথ নিয়েছে, গণপরিষদের শপথ নেয়নি। তারা জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণকে যে ওয়াদা দিয়েছিল, তা ভঙ্গ করেছে। তিনি বলেন, এখনো সুযোগ আছে। আমরা আহ্বান জানাব, বিএনপি যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় এবং সংবিধান সংস্কার করে। আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনা। এর বাইরে জামায়াত জনগণের সাথে প্রতারণা করতে পারবে না। জনগণের কাছে দেয়া ওয়াদা আমরা ভঙ্গ করব না।
সরকারের উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকার দেশ ও জাতির নিরাপত্তা বিঘিœত করলে জনগণ তা মানবে না। আমরা জনগণের পাশে দাঁড়াব। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই দেশের ঐক্য গড়ে উঠবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ থাকব। সাহসিকতার সাথে আঘাতের জবাব দিতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









