ফিরেছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা
ads

 কক্সবাজার অফিস

বৈরী আবহাওয়া ও উত্তাল বঙ্গোপসাগরের কারণে গত ১৯ নভেম্বর থেকে টানা তিন দিন বন্ধ ছিল কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল। এতে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েন দেড় সহস্রাধিক পর্যটক। অনিশ্চয়তা, বাড়তি হোটেলভাড়া ও খাবারের খরচের পাশাপাশি জরুরি কাজে বাড়ি ফিরতে না পেরে দুর্ভোগে পড়েন তারা। অবশেষে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় রোববার থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার ট্রলারে করে পর্যটকদের একটি বড় অংশকে ফিরিয়ে নেয়া হয়।
গতকাল রোববার বিকেল ৪টার দিকে পাঁচটি পর্যটকবাহী জাহাজে করে প্রায় ৯০০ পর্যটক সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। এর আগে শনিবার ২৪টি সার্ভিস ট্রলারে করে প্রায় এক হাজার ৩০০ পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরে যান। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন এবং জামালপুর  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থী ছিলেন।
এদিকে টানা তিন দিন বন্ধ থাকার পর রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে পাঁচটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এসব জাহাজে করে এক হাজার ৮৭০ জন নতুন পর্যটক দ্বীপে যান। বিকেলে ফিরতি যাত্রায় জাহাজগুলোতে আটকে পড়া পর্যটকদের কক্সবাজারে নিয়ে আসা হয়।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় জাহাজ চলাচল শুরু হয়েছে। আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হয়েছে।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল জানান, আবহাওয়া অধিদফতরের নির্দেশনা পাওয়ার পর রোববার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চসহ কয়েকটি জাহাজে করে পর্যটকরা সেন্টমার্টিনে যান। পরদিন ১৯ নভেম্বর থেকে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল পরিস্থিতির কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ আটকা পড়েন।
প্রাথমিকভাবে দ্বীপে আটকে পড়া পর্যটকের সংখ্যা প্রায় দেড় হাজার বলে বিভিন্ন প্রশাসনিক সূত্রে জানানো হয়। তাদের কারো ভ্রমণের নির্ধারিত সময় শেষ হয়ে যায়, কারো জরুরি অফিসের কাজ ছিল। আবার অনেকের সাথে থাকা টাকাও ফুরিয়ে আসে।
আটকে পড়া পর্যটকদের একাংশের অভিযোগ, অতিরিক্ত অবস্থানের কারণে হোটেলভাড়া ও খাবারের খরচ বেড়ে যায়। কোথাও ২০ টাকার ডিম ৫০ টাকায় বিক্রির অভিযোগও করেন তারা। অনেকের ভ্রমণের বাজেট শেষ হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে ফিরে আসার সিদ্ধান্ত নিতে হয়। তবে স্থানীয় কয়েকটি হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ পর্যটকদের আবাসন ভাড়ায় ছাড় দিয়েছে। কেউ কেউ বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করেছে বলে জানা গেছে।