ঢাকার সম্প্রসারিত আধুনিক নগরী হবে গাজীপুর
ads

মো: আজিজুল হক গাজীপুর  

রাজধানী ঢাকার ওপর জনসংখ্যা ও আবাসনের চাপ কমিয়ে গাজীপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও সুযোগ-সুবিধাসম্পন্ন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এ নগর পরিকল্পনায় গুরুত্ব পাবে উন্নত সড়ক যোগাযোগ, আবাসন, শিল্পাঞ্চলের শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তুরাগ নদের দুই পাড়ের সৌন্দর্যবর্ধন। বিপুলসংখ্যক পোশাকশ্রমিকের জন্য হাসপাতাল, আবাসন ও তাদের সন্তানদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের পর এসব উদ্যোগ বাস্তবায়নকে অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল।
রোববার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো কার্যালয়ে যোগদান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, গাজীপুরকে অত্যন্ত আধুনিক একটি নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি। ঢাকা এখন বিশাল মেগাসিটিতে পরিণত হয়েছে। জনসংখ্যার তুলনায় সেখানে আবাসনের সুযোগ সীমিত। এ অবস্থায় গাজীপুরকে ঢাকার সম্প্রসারিত নগরী হিসেবে গড়ে তোলা গেলে আবাসন ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সাথে ঢাকা ও গাজীপুরের মধ্যে যোগাযোগ সহজ হলে রাজধানীর ওপর চাপ কমানো এবং নগরজীবনের বিকেন্দ্রীকরণ সম্ভব হবে।
উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার তুলে ধরে নতুন চেয়ারম্যান বলেন, প্রথমেই সড়ক যোগাযোগ ও চলাচল ব্যবস্থার উন্নয়ন করতে হবে। পাশাপাশি গাজীপুরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘরবাড়ি, মিল-কারখানা ও আবাসনকে একটি সুশৃঙ্খল পরিকল্পনার আওতায় আনতে হবে। পরিকল্পিত নগরায়ন ছাড়া আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়। তাই এ বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন তিনি।
শিল্পাঞ্চলের শ্রমিকদের জীবনমান উন্নয়নকে নগর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনার  কথা জানিয়ে তিনি বলেন, গাজীপুরে শত শত শিল্পকারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করেন। তাদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিকদের চিকিৎসাসেবায় হাসপাতাল, আবাসনের ব্যবস্থা এবং তাদের সন্তানদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে।
শুধু শিল্পাঞ্চল কিংবা আবাসিক এলাকা নয়, গাজীপুরের সামগ্রিক নগর কাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রবাসীদের জন্য পৃথক ‘প্রবাসী পল্লী’ এবং মধ্যবিত্ত, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের জন্য নতুন আবাসিক নগর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া তুরাগ নদের দুই পাড়ের সৌন্দর্যবর্ধন, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং রাজধানীর সাথে যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের বিষয়েও কাজ করতে চান তিনি।
এসব পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, গাজীপুরের সংসদ সদস্য, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করেই ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া একটি আধুনিক নগরী গড়ে তোলা সম্ভব নয়।
এ দিকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অতীত কর্মকাণ্ডে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজই প্রথম কার্যালয়ে এসেছেন। ফলে অতীতে কী হয়েছে, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না। কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করে কর্তৃপক্ষের কার্যক্রম ও বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন।
তবে দায়িত্ব পালনে অন্যায়, অবিচার ও দুর্নীতির ঊর্ধ্বে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আশা করি ভবিষ্যতে এখানে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি হবে না।’ প্ল্যান অনুমোদনে দীর্ঘসূত্রতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব সমস্যার অবসান ঘটানোর চেষ্টা করবেন। তার ভাষায়, ‘একটি প্রশাসনের প্রধান যদি সৎ থাকেন এবং তার চিন্তাচেতনায় আন্তরিকতা ও সততা থাকে, তাহলে অফিসের অন্যদের মধ্যেও পরিবর্তন আসবে।’
গাজীপুরের সন্তান হিসেবে এ অঞ্চলের উন্নয়নে নিজের মেধা, বুদ্ধিমত্তা ও শ্রম দিয়ে সর্বাত্মক চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন চেয়ারম্যান।
এর আগে প্রথম কর্মদিবসে কার্যালয়ে পৌঁছালে গাজীপুরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাবেক কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে স্বাগত জানান। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিসী, জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ, মহানগর বিএনপি নেতা সুরুজ আহমেদ, নাসির উদ্দিন, সাজ্জাদুর রহমান মামুন, জেলা বিএনপি নেতা মোশারফ হোসেন রবিন, আবু তাহের মুসল্লি ও সাবেক কাউন্সিলর তানভীর আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।